Voice of Eastern India

R G Kar Case: ২ বছরেও ‘অধরা’ সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?


কলকাতা: অভিশপ্ত ৯ আগস্ট! ২০২৪ সালে আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। আরজি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর দু বছর পার। এখনও চলছে তদন্ত। রাজ্যে পালা বদলের পর নতুন করে তদন্ত শুরু করেছে CBI. কেন্দ্রীয় এই সংস্থার পাশাপাশি তদন্ত করছে স্বাস্থ্য দফতরও। এবার বিচার মিলবে? প্রশ্ন অনেকের মনে। তবে এই ঘটনার তদন্ত ও ‘ফাইল’ খোলার পর কোন কোন পদক্ষেপ নিয়েছে সরকার তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 

২০২৪ থেকে ২০২৬, আরও একটা ৯ই অগাস্ট। আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের সেই বিভীষিকাময় ঘটনার দু-বছর পার হয়ে গেল। কিন্তু এখনও প্রকৃত বিচার মেলেনি বলে দাবি করছেন তাঁর পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা। তাই আরজি কর মেডিক্যালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ২ বছর পূর্তির দিনও উঠল ন্যায় বিচারের দাবি। ছাত্র-ছাত্রীদের কন্ঠে একটাই স্বর 
জাস্টিস ফর আর জি কর। 

আরও পড়ুন১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে রাজ্যে সরকার বদলের পর নতুন করে খুলেছে আরজি কর ফাইলস। তিন IPS অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। ৩ সদস্যের SIT টিম তৈরি করে জোরকদমে তদন্ত চালাচ্ছে CBI. পাশাপাশি তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতরও। সিবিআই-এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দফতর কোন কোন বিষয় নিয়ে তদন্ত করছে তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ”স্বাস্থ্য দফতরের তদন্তটা হচ্ছে, সেদিন সেই রাতে এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ার সঙ্গে ছিলেন? তাদের বক্তব্য কী, কেন ছিলেন? অনেকেই যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন। তারা কেন এলেন? কীসের জন্য এলেন? তাঁরা কেউ তদন্তকারী সংস্থা নয়, কী তাদের সংকল্প ছিল এবং কেন এত তাড়াতাড়ি তাঁর শবদেহ দাহ করা হল? এত তৎপরতার কী দরকার ছিল? অভয়া কী জানত বা কী জেনে ফেলেছিল? এই সব জনতেই তদন্ত শুরু হয়েছে। 

আগের সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একহাত নিতেও ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এমন ঘটনা আর যেন না ঘটে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো এই ধরণের কোনও ইস্যুকে প্রেমের ঘটনা বলব না। বারুইপুরে পুলিশ যা করার করেছে। যত কঠোর হওয়ার দরকার, সরকার হবে। পুলিশকে বলেছি, নারী নির্যাতনের অভিযোগ উঠলে অপেক্ষা করবেন না। কারও ফোনের অপেক্ষা করতে হবে না। এর শেষ আমাদের দেখতেই হবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি যা করার করছি, করব, এর শেষ দেখে ছাড়ব। আজ সব হাসপাতালে মাথানত করে অভয়া-স্মরণ হয়েছে। অভয়াকাণ্ডের ভয়ঙ্কর স্মৃতি চিরকাল থাকবে। অভিযুক্ত বা সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করব।’



Source link

Leave A Reply

Your email address will not be published.