Voice of Eastern India

North 24 Pargana News: TMC পুরপ্রধানের বাড়ির পাশে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, তা খুলতেই একে একে বেরোল…


উত্তর ২৪ পরগনা, বাদুড়িয়া : গুপ্তধনের পর এবার সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়ের হদিশ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ধৃত তৃণমূল পুরপ্রধানের আরও কীর্তি ফাঁস। দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার বন্ধ পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ত্রিপল, কম্বল, মশারি, বিছানার চাদর, লুঙ্গি, শাড়ি, কী নেই সেই তালিকায়। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সম্প্রতি তাঁর শাগরেদের পাটের খেত থেকে গুপ্তধনের হদিশ মেলে। উদ্ধার হয় ২ কোটি ২৪ লক্ষ টাকা। ধৃত পুর-চেয়ারম্য়ান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুরা এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৮০ লক্ষ টাকা। এবার দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল বাদুড়িয়া থানার পুলিশ। 

কাঁথিতে তৃণমূল নেতার ভাড়াবাড়ির গোডাউনে পুলিশের অভিযান। উদ্ধার হল হাঁসুয়া, সাদা থান, ভোটার কার্ড। বাজেয়াপ্ত করা হয়েছে ত্রাণের সরকারি ত্রিপলও। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব জানা পলাতক। কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন সঞ্জীব জানা। এলাকায় ডাকু নামেই পরিচিত তিনি। কাঁথির ২১ নম্বর ওয়ার্ডে একটি গোডাউন ভাড়া নিয়েছিলেন তিনি। গতকাল রাতে তাঁর সেই গোডাউনে অভিযান চালিয়ে দুটি হাঁসুয়া, বেশ কিছু ভোটার কার্ড, সাদা থান এবং ত্রাণের সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ। পলাতক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, ভয় দেখাতেই সাদা থান মজুত করা হয়েছিল গোডাউনে। পলাতক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে গিয়েও গতকাল রাতে খোঁজখবর করে পুলিশ। সঞ্জীব জানার ওই সব ঘনিষ্ঠরাও এখন বেপাত্তা। পুলিশ সূত্রে খবর, তাঁদের পরিবারের সদস্যদের ডাকা হতে পারে। 

হিংসা, হুমকি, ধর্ষণের মামলা তুলতে চাপ, এরকম একাধিক অভিযোগে হাবড়ায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃত প্রবীর মজুমদার হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পরিবর্তনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গতকাল অশোকনগরের দু’নম্বর খেলার মাঠের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ২০২৫ সালের এপ্রিলের নাবালিকা ধর্ষণ মামলায় অভিযোগ তুলতে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা প্রবীর মজুমদারের বিরুদ্ধে। গ্রেফতারির খবরে স্বস্তিতে অভিযোগকারিণীর পরিবার। 



Source link

Leave A Reply

Your email address will not be published.