Kalyan Banerjee: গতকাল ২১ জুলাইয়ের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাদানুবাদ’- এর ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গতকাল কালীঘাট-তৃণমূলের একুশের জুলাইয়ের মঞ্চে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে ভাষণ দেওয়ায় ‘বিরক্তি প্রকাশ’ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আগেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সমালোচনায় সরব হয়েছিলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।
এদিকে, একুশে জুলাইয়ের ঠিক পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সুর চড়িয়ে ফের একবার আক্রমণাত্মক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একজন ভদ্রমহিলা এসে কী বলেছেন জানেন? দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন। নয়তো আমরা সাহস পাচ্ছি না।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই – এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতাদিকে চাইছে।” তিনি যোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি। কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কী। দিদি যদি বাস্তবটা না বোঝেন তাহলে দিদি যে দল তৈরি করেছেন, দিদি নিজের হাতে সেই দল শেষ করবেন।”
