Voice of Eastern India

Dengue Update: চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা


সন্দীপ সরকার ও সুজিত মণ্ডল, কলকাতা: ২০২৪ সালে দাপট ছিল ডেঙ্গির সেরোটাইপ ৩-এর। গত বছর ভয়ঙ্কর হয়ে ওঠে সেরোটাইপ ২। এবার শুরু থেকেই চোখ রাঙাচ্ছে এই ২ প্রজাতি। বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। আতঙ্কের এই পরিবেশের মধ্যেই আশা জাগাচ্ছে ‘কিউ ডেঙ্গা’। মশাবাহিত রোগকে কাবু করতে সামনের বছর বাজারে আসতে পারে ডেঙ্গির টিকা।

আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম স্থানে মুর্শিদাবাদ

পাতা উল্টে বসে আছে ক্যালেন্ডার, কিন্তু শরতেও দাপট দেখিয়ে চলেছে বর্ষা। আর সেই সুযোগে পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত রাজ্যে আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ হাজার জন। ডেঙ্গির জোড়া সেরোটাইপের দাপটে এবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গির প্রজাতি বা সেরোটাইপ ৪টি। তারমধ্যে ২০২৪ সালে ছিল সেরোটাইপ ৩-এর দাপট। গত বছর ভয়ঙ্কর হয়ে ওঠে সেরোটাইপ ২, এবার দাপট দেখাচ্ছে দু’জনে হাত ধরাধরি করে। ডেঙ্গির চারটি প্রজাতির মধ্যে সেরোটাইপ ২ সবচেয়ে বিপজ্জনক বলে দাবি চিকিৎসকদের। সেরোটাইপ ২ প্রজাতিতে আক্রান্ত হলে হেমারেজিক ফিভার এবং ডেঙ্গি শক সিনড্রোম বেশি হয় বলে জানিয়েছেন তাঁরা। ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থানে কলকাতা। তারপরই রয়েছে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা। নদিয়ায় গ্রামীণ এলাকার পাশাপাশি, আক্রান্তের সংখ্যা বাড়থে পুর এলাকাতেও। 

উদ্বেগজনক ছবি হাসপাতালের

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছর এই সময় নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯। এ বছর তা বেড়ে হয়েছে ৬০৫। প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে উদ্বেগজনক ছবি নদিয়ার তেহট্ট-১ ব্লকে। জেলা স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, সেখানে অন্তত ১৪১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া রানাঘাট-২ ব্লকে ৫৬ এবং চাকদা পুর এলাকায় ৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ভিড বাড়ছে হাসপাতালগুলিতে। মিনু ভৌমিক। বয়স ৪৪ বছর। বাড়ি রানাঘাট-২ ব্লকের আইসমালি গ্রামে। পাঁচ দিন আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হন রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি হন।

আতঙ্কের এই পরিবেশের মধ্যেই আশা জাগাচ্ছে ‘কিউ ডেঙ্গা’। মশাবাহিত এই রোগকে কাবু করতে সামনের বছর বাজারে আসতে পারে ডেঙ্গির টিকা। তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট দেখে দেওয়া হবে সবুজ সঙ্কেত, জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের DG রাজীব বহেল বলছেন, ‘ইতিমধ্যে দ্বিতীয় দফার ট্রায়াল হয়ে গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে অর্ধেক রিপোর্ট এসেছে। দেখা গেছে অনেকটাই ভালো কাজ করছে। তবে তৃতীয় দফার ট্রায়াল সবে শুরু হয়েছে। পুরোপুরি ট্রায়াল শেষ হতে এখনো সময় লাগবে। শেষ পর্যায়ে ট্রায়াল রিপোর্ট ভালো থাকলে।আগামী বছর বাজারে এসে যাবে ডেঙ্গির টিকা।’

ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ৪ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে দেওয়া যাবে জাপানের তাকেদা বায়ো ফার্মাসিউটিক্যালসের তৈরি এই প্রতিষেধক। প্রস্তুতকারী সংস্থার দাবি, ডেঙ্গি ভাইরাসের ৪টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। ICMR-এর তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যে ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’র দ্বিতীয় দফার ট্রায়াল হয়ে গেছে। 
কলকাতাতেও ডেঙ্গি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। সূত্রের খবর, ভারতে ‘কিউ ডেঙ্গা’র দাম হতে পারে আটশো থেকে দেড় হাজার টাকা। 

 

আরও পড়ুন: Hoichoi Web Series: পরমব্রতর পরিচালনায় আসছে কোয়েলের নতুন সিনেমা! মিমি, শ্রাবন্তীদেরও নতুন চমক



Source link

Leave A Reply

Your email address will not be published.