Cyclone Arnab Updates: গতি কমেছে ‘অর্ণব’- এর, এখনও চলছে ল্যান্ডফল, দেরিতে হলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এই রাজ্যে
ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর প্রভাবে পশ্চিমবঙ্গেও ঝড়বৃষ্টি হবে, সেকথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ- সহ ভারী বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর ল্যান্ডফল হয়ে গিয়েছে। ধীরে ধীরে সাইক্লোনের ‘আই’ এগোবে স্থলভাগের দিকে। ঘূর্ণিঝড়ের ‘টেল পোরশন’ যতক্ষণ না স্থলভাগের উপর দিয়ে অতিক্রান্ত হবে, ততক্ষণ চলবে দুর্যোগ।

আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুসারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ- সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে, জেনে নিন।
দিঘাতে আবহাওয়া যেমন থাকবে প্রত্যাশা করা হয়েছিল তার থেকে ভাল রয়েছে। তবে সমুদ্রের জল বেড়েছে। জলোচ্ছ্বাস, ঢেউ দেখা গিয়েছে বেশ বেশি পরিমাণে। পর্যটকদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সমুদ্রে যা আচরণ করছে তা সচরাচর দেখা যায় না বলেই জানিয়েছেন আবহবিদরা। ল্যান্ডফলের পরেও ১০ থেকে সাড়ে ১০ ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া স্থায়ী হয়েছে, এমনটা এর আগে খুব বেশি দেখা যায়নি বলেই মত আবহবিদদের।
মঙ্গলবার রাতে ল্যান্ডফলের পর থেকই ঘূর্ণিঝড়ের অগ্রভাগের অংশ ক্রমশ স্থলভাগের দিকে প্রবেশ শুরু করেছে। তবে তারপর থেকে গতি কমেছে ঘূর্ণিঝড়ের। কার্যত এক জায়গায় স্থিত হয়ে গিয়েছে ‘অর্ণব’।

ঘূর্ণিঝড়ের অগ্রভাগ স্থলভাগে প্রবেশ করলেও, ‘আই’ অংশ এখনও স্থলভাগে ঢোকেনি এবং ঘূর্ণিঝড়ের ‘টেল’ অংশও স্থলভাগে প্রবেশ করেনি।
ঘূর্ণিঝড়ের অগ্রগতি অনেকটাই ধীর গতিতে চলছে। সাধারণত ঘূর্ণিঝড়ের তিন ধরনের প্রভাব থাকবে। ল্যান্ডফলের পর প্রি-এফেক্ট হয়েছে অন্ধ্র উপকূল ও দক্ষিণ ওড়িশায়। মূল প্রভাবও শুরু হয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার রাজ্যগুলিতে।

ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাব হবে পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে, কারণ মূল ল্যান্ডফলের জায়গা থেকে অনেকটা দূরে রয়েছে এই রাজ্য। যেহেতু ঘূর্ণিঝড়ের গতি কমেছে, তাই প্রভাবও হবে দেরিতে, হবে না এমনটা কিন্তু নয়।
Published at : 28 Oct 2026 09:52 AM (IST)