Voice of Eastern India

CM Suvendu Adhikari: ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ‘গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট’ পেশের নির্দেশ


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আজ মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। দেখা করলেন গোবিন্দপুর রেলগেটে ট্রেন-পুলকার সংঘর্ষে স্বজনহারাদের সঙ্গে। গত ১৭ জুলাই গোবিন্দপুর রেলগেটে ট্রেন-পুলকার সংঘর্ষে মৃত্যু হয় ৪ স্কুলপড়ুয়ার। মৃত্যু হয় আরও এক ব্যক্তির। স্বজনহারা পরিবারপিছু ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

আজ বহরমপুর (Berhampore) স্টেডিয়ামে হেলিপ্যাডে নেমে সোজা সড়কপথে ঘটনাস্থলে পৌঁছন তিনি। ১৭ জুলাই গোবিন্দপুর (Gobindapur) রেলগেটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেই বিষয়ে কথা বলেন। প্রশাসনিক সূত্রে খবর, কীভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, রেলের এক্ষেত্রে কী করণীয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিস্তারে কথা বলেন। রেলের কর্মচারীদের সঙ্গেও কথা বলেন। এরপর তিনি মুর্শিদাবাদ মেডিক্যালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন বলে খবর। 

আজ গোবিন্দপুর গ্রামে স্বজনহারাদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেটম্যানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আইনমতে ওর চূড়ান্ত শাস্তি হবে। এটা ক্ষমার অযোগ্য। আমি পরিবারগুলির পাশে আছি। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেছি।” মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখানে চোখের জল ছাড়া আর অন্য কিছু আমাদের দেওয়ার নেই। উপরওয়ালা, ভগবান, ঈশ্বর – যে যেভাবেই ভাবেন না কেন, এই পরিবারগুলিকে শক্তি দিক। তাঁরা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন।” স্বজনহারাদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রচারের জন্য কাজ করি না। আমি যে অর্থ দিয়েছি, সরকারি অর্থ, আমার অর্থ নয়। এর বাইরেও পরিবারগুলি যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি SP DM দের দিয়ে গিয়েছি, তাঁরা করবেন। দুটো একটা দায়িত্ব যা আমার কাছে, আমি সেটা করব।” 

কার্যত অভিভাবকের সুরে আজ মুখ্যমন্ত্রী বলেন, “সকল গ্রামবাসীদের বলব, এই পরিবারগুলির প্রতি লক্ষ্য-নজর রাখবেন। এই পরিবারগুলি যাতে কোনওভাবে একাকীত্ব অনুভব না করে, তা লক্ষ্য রাখা আমাদের সকলের দায়িত্ব। যেমন প্রশাসন নজর রাখবে, তেমনই আপনারা সকলে নজর রাখবেন। আমরা অনেক চেষ্টা করেছি আহতদের সকলকে বাঁচানোর জন্য। পারিনি সকলকে বাঁচাতে।” এর পাশাপাশি অভিযুক্ত গেটম্যানের শাস্তি প্রসঙ্গে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে। চার্জশিট দিতে হবে।” সঙ্গে দিলেন “কাস্টডি ট্রায়াল করিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট”-এর হুঁশিয়ারি। এছাড়াও, কর্ণসুবর্ণ রেলগেটে সুরক্ষাবৃদ্ধিতে জোর দেওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রয়োজনে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতিও দেন।   

কী ঘটেছিল সেদিন? 

রেল সূত্রে খবর, কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের লেভেল ক্রসিং পার হওয়ার সময় এক স্কুল পুলকারে ধাক্কা মারে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। সংঘর্ষের অভিঘাতে এতটাই প্রখর ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়।  



Source link

Leave A Reply

Your email address will not be published.