Voice of Eastern India

Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে


বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষণুপুরে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ, দুটি FIR করার পরেও মেলেনি সুরাহা। ইতিমধ্যে সামনে এসেছে ব্যবসায়ীর অফিস, গোডাউন ও গাড়িতে ভাঙচুরের সিসিটিভি ফুটেজ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই বিজেপি নেতাই বর্তমানে আগাম জামিনে মুক্ত রয়েছেন। 

গুন্ডাদমন বিল এনেছে নতুন বিজেপি সরকার। তোলাবাজি-সিন্ডিকেট রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু তারপরও দক্ষিণ ২৪ পরগনার বিষণুপুরের কুলের দাড়ি অঞ্চলে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর কাছে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, সেই টাকা না দেওয়ায় একাধিকবার কখনও তাদের অফিস, কখনও গোডাউন আবার কখনও গ্যারাজে থাকা গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

অভিযোগ, ভোটের ফল বেরনোর দিন থেকেই শুরু হয়েছে হুমকি-ভাঙচুর। ব্যবসায়ীর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় দুই বিজেপি নেতা বাবাই মল্লিক ও দিলীপ মণ্ডল। ২টি FIR দায়ের করা হয়েছে। অভিযোগ, তারপরেও জুটেছে হুমকি! অভিযোগকারী ব্যবসায়ী সুলিন্দ্র কুমার কামতি বলছেন, ‘১৬ তারিখে FIR করলাম। ১৮ তারিখে আবার ও দলবলকে সঙ্গে নিয়ে এসেছে বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল। আবার আমাকে হুমকি দিল। ২ দিন আগে পর্যন্ত আমাকে হুমকি দিয়ে গেল। FIR করেছিস, ওই টাকা দিতেই হবে তোকে। ওই ৫ কোটি টাকা তোকে দিতে হবে।’

কাটমানি, সিন্ডিকেটের দৌরাত্ম্য়ে অতিষ্ট হয়েই রাজ্য়ে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে পশ্চিমবঙ্গবাসী। কিনতু, তারপরও সামনে আসছে এধরনের অভিযোগ। অভিযোগকারী ব্যবসায়ী আরও বলেন, ‘তৃণমূল আমলেও তোলাবাজি ছিল। এখনও থেকে গেল। এখন তো ব্যবসা করতেই ভয় পাচ্ছি। আমরা কি এখানে ব্যবসা করতে পারব না, এরকম লাইনে বলেছে।’

ঘটনা কার্যত স্বীকার করে নিয়েছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিলীপ মণ্ডল ও বাবাই মল্লিক দুজনেই আগাম জামিনে রয়েছেন। দিলীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি মিটে গেছে। অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও পুলিশে একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্ত বাবাই মল্লিক বলছেন, ‘আমার মস্তানি করার কোনও ইচ্ছে নেই। আমার তোলাবাজির কোনও ইচ্ছে নেই। যেটা সঠিক সেটা আমি বলব। তাতে যদি আমাকে যদি পার্টি থেকে সাপোর্ট দিক চাই না দিক। সুফল ঘাটু বাবু ওখানে কীসের জন্য় আসেন? ওনার বিল্ডার্সে কীসের জন্য় আসেন? কী মতলবে আসেন? এটা আমার দেখার ইচ্ছে আছে।’



Source link

Leave A Reply

Your email address will not be published.