ABP Ananda LIVE: ব্যাগে কোটি কোটি টাকা। টাকার সঙ্গে সোনার পাহাড়। এবার বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যখের ধন। চারটি আলমারিতে টাকা ভর্তি ব্যাগ। ঘরের দেওয়ালের চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল। কেজি কেজি সোনার বার, সোনার বিস্কুট, কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। বুধবার ভোরের আলো যখন সবে ফুটেছে মহম্মদ বাজার থানার পুলিশের কনভয় এসে দাঁড়ালো দেউচা বাসস্ট্যান্ডের কাছে। ঘিরে ফেলা হলো রাস্তার পাশের একটি বাড়ি। গাড়ি থেকে নামানো হয় বিশাল বিশাল ট্রাঙ্ক। ট্রাঙ্ক আনা হয় টোটো এবং মোটরবাইকে করেও। নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন। প্রথমে কিন্তু দরজা খুলতে চাননি বাড়ির মালিক মিনার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙে আটক করা হয় মিনার ও তার ছেলেকে। তারপর ব্যাঙ্ক কর্মীদের নিয়ে এসে শুরু হয় টাকা গোনার কাজ। পুলিশের বক্তব্য, যে পরিমাণ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে এখনও আরও সেই পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হতে পারে। পুলিশ সূত্রে খবর বাড়ির মালিক মিনার মণ্ডল পেশায় ছিলেন সরকারি বাসের চালক। কিন্তু এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা এলো কি করে? পুলিশের অনুমান এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মিনার মণ্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের উপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়ের। অভিযোগ সরকারের খাতা কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তার আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করেন টুলু। এই টাকা উদ্ধার হওয়ার পর পুলিশের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিই আমাদের মূল চালিকা শক্তি”।
