সনৎ ঝাঁ ও বাচ্চু দাস, শিলিগুড়ি : রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললে দিতে হবে জরিমানা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম। আজ শিলিগুড়ির উত্তরকন্য়ায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি এদিনের বৈঠকে নিকাশী ব্য়বস্থা নিয়েও আলোচনা হয়।
আর যত্রতত্র পান বা গুটখার পিক নয়। যেখানে সেখানে ফেলা যাবে না আবর্জনাও। নিয়ম ভাঙলেই পয়লা সেপ্টেম্বর থেকে গুণতে হবে জরিমানা। দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির উত্তরকন্য়ায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।
তিনি বলেন, “পয়লা সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ব্যবহার করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব কিন্তু, ফাইন হবে। পানপরাগ খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে।”
ইতিমধ্যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল ‘স্বচ্ছ অ্য়াপ’ চালু করেছে রাজ্য সরকার। এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্য়াপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তাঁর সমাধান করবেন। পাশাপাশি যততত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য ৩ মাস সচেতনার কাজও চালানো হবে বলেই জানিয়েছিলেন পুরমন্ত্রী।
একইসঙ্গে রাস্তায় বেআইনি পার্কিং করা নিয়েও কড়া হচ্ছে রাজ্য সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “রাস্তায় পার্কিং – একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, এক দিক থেকে গাড়ি আসছে। একটাই রাস্তা। তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন। দু’দিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে।”
কেরলে ঢুকেছে বর্ষা। এ রাজ্যেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। হচ্ছে বৃষ্টিও। এই আবহে এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে নিকাশি ব্য়বস্থাও। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, “আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের নিচু তলার কর্মীরা সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা কম ওয়াটার লগিং হয়, আমরা সেটার চেষ্টা করছি।”
পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সররকার। কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী। এখন তার কতটা বাস্তবায়িত হয়, তা বোঝা যাবে আগামীদিনে। Agnimitra Paul
