পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ভোররাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে কলকাতা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি অভিযান চালানো হয়। ভোররাতে বাড়ির সামনে পৌঁছে একাধিকবার দরজা খোলার অনুরোধ জানানো হয়। কিন্তু বারবার বলা সত্ত্বেও ভিতর থেকে দরজা খোলা হয়নি বলে দাবি পুলিশের।
স্থানীয় সূত্রে দাবি, এরপর পুলিশ বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশির সময় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে বাড়ির চারপাশে কড়া নজরদারি চালানো হয়। ঘটনার খবর পেয়ে ভোরেই কালীঘাটের বাড়িতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আর্থিক তছরুপের কথা উল্লেখ করা হয়েছে। সেই মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।তল্লাশি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘লুকিয়ে রেখেছি কি না, পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিকে জিগ্যেস করুন’। তদন্তে সহযোগিতা করা হয়েছে বলেও তিনি জানান।
ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
