কলকাতা : ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি দেখিয়ে দিল যে ডিজে তিনি একাই বাজাতে জানেন না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না।’ তৃণমূলের অন্দরে একের পর বিধায়কের বিদ্রোহ এবং আজ বিধানসভায় গিয়ে একসঙ্গে ৫৮ বিধায়কের পৃথক সই সম্বলিত অধ্যক্ষের কাছে চিঠি জমা দেওয়ার প্রেক্ষাপটে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, “তৃণমূলের এই সমস্ত বিধায়করা যদি সরাসরি বিজেপিতে জয়েন করে যান, তাহলে গোটা বিজেপি পার্টি কোভিডে আক্রান্ত হয়ে যাবে। কোভিড ভাইরাস যাতে তাদের আক্রান্ত করতে না পারে, সেইজন্য তারা বিজেপি পার্টির…ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই তত্ত্ব মেনে বলছেন, দো গজ কি দূরি, রহেনা জরুরি। একনাথ শিণ্ডে মডেল এই বাংলায় চালু হয়ে গেল। অর্থাৎ, যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মাস্টারি করেছেন, তাঁর সেই খেলার ওপরে আরও বড় মাস্টারি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিল যে ডিজে তুমি একাই বাজাতে জানো না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না।”
বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে ধিকধিক করে বিদ্রোহের আগুনটা জ্বলছিল দলের মধ্যে। যদিও ফল ঘোষণার পর থেকে একে একে অনেকেই মুখ খুলতে শুরু করেছিলেন। কিন্তু, এই কঠিন সময়েও জয়ী হওয়া জনপ্রতিনিধিদের একটা বড় অংশ এবার বড়সড় বিদ্রোহ করে ফেললেন। আর তার জেরে ভোটে হারের একমাসের মধ্যেই কার্যত ভেঙে খানখান তৃণমূল। বিধানসভার LOP হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৮০-র মধ্যে ৫৮ বিধায়কের সমর্থন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ করেছেন ঋতব্রতরা।
