কলকাতা: আজ ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকn পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে। প্রতি মাসে ৩০০০ টাকা করে দিচ্ছে রাজ্যের নতুন সরকার। মুখ্যসচিব মবোজ আগরওয়াল জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করা হয়েছে। কেউ অযোগ্য হলে, তা নিয়ে জানানো যাবে অভিযোগ। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। আজ পশ্চিমবঙ্গের ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকল। (Annapurna Yojana)
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই সরাসরি টাকা ট্রান্সফারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনা…এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। কারণ আমরা SIR পরবর্তী সময় দেখেছি, ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ী ভাবে বাদ গিয়েছে, এমন লক্ষ লক্ষ মানুষ বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার-সহ কেন্দ্রের সব সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা যাঁরা সচেতন নাগরিক, আইনের অনুগত, আমরা চাইব না অভারতীয়দের অ্যাকাউন্টে সরকারের টাকা ঢুকুক। যাঁরা বিচারাধীন ছিলেন, পরবর্তীতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের স্থায়ী ভাবে নাম বাদ যাওয়া বলে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যাঁরা ১ লক্ষ ২১ হাজার CAA-তে আবেদন করেছেন, যে ১৯০০০ সার্টিফিকেট পেয়েছেন, আরও যাঁরা CAA-তে আবেদনের উপযুক্ত, তাঁদেরও নাম বাতিলের তালিকায় ধরছি না। এর বাইরে অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স ভাঁড়িয়ে, বয়স বাড়িয়ে, মহিলাদের জন্য আর্থিক প্রকল্পকে যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, আমাদের স্বচ্ছতামূলক প্রক্রিয়ায় তাঁরা পাচ্ছেন না, পাবেনও না, পাওয়া উচিতও নয়। ” (Annapurna Yojana News)
মুখ্যসচিব জানিয়েছেন, কোন মহিলারা টাকা পাচ্ছেন, তার তালিকা থাকবে। স্বচ্ছতা বজায় থাকবে গোটা প্রক্রিয়ায়। ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর, সরকার দায়বদ্ধ, সব সরকারি পরিকল্পনা স্বচ্ছতার সঙ্গে কার্যকর করা হবে বলে জানান তিনি।
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন, আজ থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগে বলা হয়েছিল ফর্ম লাগবে না। কিন্তু দেখা গিয়েছে লক্ষ লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে। তাই ফর্ম বিলি করা হয়েছে। ব্লক অফিস, SDO অফিস, বিধায়কদের অফিস থেকেও ফর্ম দেওয়া হচ্ছে। আজ থেকে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ৫-৭ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। যাঁরা এতদিন টাকা পাননি, তাঁদেরও আবেদন করতে বলেছেন অগ্নিমিত্রা।
সবিস্তার আসছে
