Voice of Eastern India

পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ


ভাস্কর মুখোপাধ্যায়, সদাইপুর (বীরভূম) : গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের সদাইপুর। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশ। চার পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে অবশ্য সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনা বিস্তারিত…

বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে গতকাল সন্ধেয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে গ্রামে যায় সদাইপুর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, সেই সময় গ্রামবাসীর একাংশ পুলিশকে আক্রমণ করে। পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয়, তারপর মারধর করা হয়। পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় মোট চারজন পুলিশকর্মী আহত হন। তাঁদের মধ্যে দুইজনের মাথা ফেটে গিয়েছে। এই চারজনকেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে দুইজনের অবস্থা খারাপ। তার কারণ, মাথায় আঘাত লেগেছে তাঁদের। এই মুহূর্তে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় গতকাল রাতে সদাইপুর থানার পুলিশ আগড়া গ্রামে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। তারমধ্যে ছয়জন মহিলা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে গ্রামে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে একটি মীমাংসা হয়। পরবর্তী ক্ষেত্রে, গতকাল বিকালে একটি ঝামেলা হয়। ঝামেলার পর সন্ধের পর থেকেই মারপিট শুরু হয়। তারপরই খবর পেয়ে পুলিশ যায় এবং সেখানে আক্রান্ত হয়। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ । তবে, এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই পক্ষেরই মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

দিনকয়েক আগে মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ওঠে বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে জখম হন সালার থানার ASI সাদেক আলি। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি বোমা।  খবর পেয়ে রাতে ১১টা নাগাদ জুয়ার ঠেকে ২ টো গাড়ি নিয়ে রেডে যায় পুলিশ। এরপরে পুলিশকে লক্ষ্য় করে বোমা ছোড়া হয়।  বোমার আঘাতে সালার থানার ASI সাদেক আলি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে সালার ব্লক হাসপাতাল ভর্তি করা হয়। এরপরে সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয়। 



Source link

Leave A Reply

Your email address will not be published.