Voice of Eastern India

Success Story: ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের


রাজা চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি: অভাব-অনটনকে হারিয়ে একসঙ্গে বড় সাফল্য ময়নাগুড়ির তিন ভাই-বোনের। ২০২৪ সালের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় একই পরিবারের তিন সদস্য—অবিনাশ রায়, কমলেশ রায় এবং পম্পা রায়—জায়গা করে নিয়েছেন। ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গার একটি জীর্ণ ঘর থেকে শুরু হয়েছিল তাঁদের লড়াই। বাবার দিনমজুরির সামান্য আয়, সংসারে নিত্যদিনের অভাব আর পড়াশোনা চালিয়ে যাওয়ার কঠিন পরিস্থিতির মধ্যেও তিন ভাই-বোনের এই সাফল্য এখন গোটা এলাকায় চর্চার বিষয়।

সাত সদস্যের পরিবার। সংসারের মূল ভরসা বাবা জিতেন রায়ের দিনমজুরির আয়। সেই সামান্য রোজগারেই কোনওরকমে চলত সংসার। মা-ও ঘরের কাজের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করেছেন। নিত্যদিনের খাবারের সংস্থান যেখানে কঠিন, সেখানে চার ছেলেমেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ।

কিন্তু আর্থিক প্রতিকূলতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি।

পরিবারের বড় ছেলে অবিনাশ রায় ভূগোল নিয়ে অনার্স করার পর এমএ পাশ করেছেন। বোন পম্পা রায় ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। অন্যদিকে মেজ ছেলে কমলেশ রায়ের লড়াইটা ছিল আরও কঠিন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর পরিবারের আর্থিক পরিস্থিতি সামাল দিতে তাঁকে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজে নামতে হয়।

সংসারের প্রয়োজনে হাতে তুলে নিয়েছিলেন কাজের সরঞ্জাম। কিন্তু পুলিশের চাকরির স্বপ্নটা ছাড়েননি। পরবর্তীতে ফের পড়াশোনায় মন দেন কমলেশ। ভাই-বোন তিনজন একসঙ্গে পুলিশে নিয়োগের পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।

অভাবের সংসারে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সবসময় সহজলভ্য ছিল না। তবু তিন ভাই-বোন নিজেদের লক্ষ্যে স্থির ছিলেন। পরিবারের পরিস্থিতি তাঁদের কাছে বাধা হয়ে দাঁড়ালেও সেই বাধাকেই তাঁরা লড়াইয়ের শক্তিতে পরিণত করেন।

শেষ পর্যন্ত এল সেই বহু প্রতীক্ষিত সাফল্য। ২০২৪ সালের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় একসঙ্গে নাম উঠে এল তিন ভাই-বোনের।

যে বাড়িতে একসময় সংসার চালানোই ছিল প্রতিদিনের লড়াই, সেই বাড়িতেই এখন তিনটি সরকারি চাকরির স্বপ্ন বাস্তব হওয়ার আনন্দ। অবিনাশ, কমলেশ ও পম্পার সাফল্য শুধু তাঁদের পরিবারের নয়, ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গার মানুষের কাছেও গর্বের বিষয়।

তাঁদের গল্প আরও একবার মনে করিয়ে দেয়—সাফল্যের পথে আর্থিক স্বচ্ছলতা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য ধরে রাখার মানসিকতা একজন মানুষকে অনেক দূর এগিয়ে দিতে পারে। একটি ছোট, ভাঙাচোরা ঘর থেকে শুরু হওয়া তিন ভাই-বোনের এই লড়াই তাই শেষ পর্যন্ত পৌঁছল সাফল্যের নতুন ঠিকানায়।

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Leave A Reply

Your email address will not be published.