Suvendu Adhikari: চালু হল ‘আয়ুষ্মান ভারত’ ও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’, এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন…
কলকাতা: অবশেষে আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত (PM-JAY) যোজনা। একইসঙ্গে এদিন ছিল পশ্চিমবঙ্গ সরকারের ৯৯ তম দিন। আর সেই দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অনেক মানুষের হাতে তুলে দেওয়া হল আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও। এদিন মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানালেন স্বাস্থ্য সাথীর তুলনায় অনেক বেশি সুবিধা মিলবে এই প্রকল্পের অধীনে। একই সঙ্গে এদিন চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন ১ কোটি ৪৩ লক্ষ। জনসংখ্যা হল ৬ কোটি। এর বাইরে যাঁরা রয়েছে, অর্থাৎ ৮০ লক্ষ পরিবার, তাঁদের আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নিয়ে এলাম। সুবিধা কী হবে? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট ও সরকারি মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ মতো হাসপাতালে কিছু কিছু সুবিধা পেতেন। এবার থেকে পশ্চিমবঙ্গে ১ হাজার ২৪০ টি বেসরকারি ও ৬২৭ টি সরকারি হাসপাতালে এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সঙ্গে ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের সকলেই এই সুযোগ পাবেন।
এবার আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে গোটা দেশের যে কোনও জায়গায় গিয়ে চিকিৎসা করানো যাবে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে ১ বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড। পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। আজ যে দুটো স্কিম চালু হল, এটা ভারতের ৩৮ হাজার ৬০৪ টি হাসপাতালে আপনারা সুবিধা পাবেন। অর্থাৎ আসমুদ্র হিমাচল এই সুবিধা আপনার গ্রহণ করবেন। এর সঙ্গে ১০০ টি অমৃত ফার্মেসি, ৪৬৭ টি প্রধানমন্ত্রী জন ঔষধী যোজনা, যার আজ এগ্রিমেন্ট হল, এবং সু-দৃষ্টি কর্মসূচির মধ্যে দিয়ে চোখের চিকিৎসার ব্যাপারটা আমরা করলাম।”
এ ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বেশ কিছু বিষয় বেসরকারি হাসপাতালগুলো জানিয়েছে, সেই বিষয়গুলোও সরকার দেখবে। তিনি জানান, “বেসরকারি হাসপাতালগুলো একটা কথা বলেছে, যে আমরা ক্যাটাগরি বি-তে রয়েছি। অর্থাৎ, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায় সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে। আমি কথা দিচ্ছি সরকার সেটাও বিবেচনা করবে। সুনীলজির সঙ্গে আমরা কথা বলেছি। এই কাজ আমি করব।”
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে আরও বাড়তি কিছু চিকিৎসাও পাওয়া যাবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বঅললেন, “বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং ১ হাজার ৭০০ আইটেমের উপর চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন। তার সঙ্গে আরও ২৫০ টা বাড়িয়ে ১৯৫০ টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জী আমাকে না বলতে বলেছেন, তবুও বলছি, আপনার হাঁটু, কোমর রিপ্লেসমেন্টের সুবিধাও আপনার আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় পাবেন, এই সুযোগও রয়েছে।”
