Voice of Eastern India

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও


সমীরণ পাল, দত্তপুকুর: উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে উদ্ধার হল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। বেআইনি বাজি তৈরির অভিযোগে সিল করে দেওয়া হয় ৩টি কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে দত্তপুকুর থানার নীলগঞ্জের ওই কারখানাগুলোতে অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি। ৬০ কেজি বারুদ-ও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। 

গ্রেফতার তৃণমূল নেতা

অন্য় একটি খবরে, ভোট পূর্ববর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হল হুগলির এক তৃণমূল নেতাকে। ধৃত সৌমেন ঘোষ ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পাশাপাশি ধনেখালি ব্লক তৃণমূলের সভাপতি পদে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ‘২৬-এর বিধানসভা ভোটের আগে বিরোধীদের  বাড়িতে হামলা, ভাঙচুর, হুমকি, তোলাবাজি সহ গুচ্ছ অভিযোগ রয়েছে। ধৃত তৃণমূল নেতা সৌমেন ঘোষ ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।

পদত্যাগ পঞ্চায়েত প্রধানের

পদত্যাগ করলেন আরও একটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান, এবার বাগদার মালিপোতা। প্রশাসন সূত্রে খবর, গতকাল বাগদার BDO-র কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল। পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি। তবে প্রধানের পদে ইস্তফা দিলেও পঞ্চায়েত সদস্য পদ ছাড়ছেন না বলে জানিয়েছেন তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল। মালিপোতা গ্রাম পঞ্চায়েতের ৩০ জন সদস্যের মধ্যে ১৬ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের, বাকিদের মধ্যে ১১ জন বিজেপির আর ৩ জন সিপিএমের । বিজেপির কটাক্ষ, জনসাধারণকে পরিষেবা দিতে না পারাতেই ইস্তফা দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

এদিকে, আজ বিধানসভায় উঠছে কলকাতা ও হাওড়া পুরসভা-সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড বেড়ে হতে চলেছে ২০৯টি ওয়ার্ড। সেই লক্ষ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ১৯৮০ সংশোধনের জন্য আনা হচ্ছে ‘কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল’। একই সঙ্গে  ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল’ এনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করার প্রস্তাব দেওয়া হবে। এই দুটি বিল পাস করাতে একদিনের জন্য বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে সেই প্রসঙ্গে বিলে বলা হয়েছে, ওয়ার্ডভিত্তিক জনসংখ্যা, বসতবাড়ি বা বসতির ধরণ, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলিকে বিবেচনা করেই নতুন ওয়ার্ড তৈরি করা হবে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.