কলকাতা : ‘পয়লা জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়াটা চালাব। কীভাবে হবে ? অনলাইনে হবে, অফলাইনেও হবে।’ অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য আবেদন-প্রক্রিয়া কতদিন চলবে সেই বিষয়ে খোলসা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া। শুরু হবে ফর্ম প্রকাশ। সেইমতো এদিন নবান্নে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করেন তিনি (Suvendu Adhikari)।
ফর্ম প্রকাশের আগে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির সংকল্পপত্রে আমরা বলেছিলাম, সরকার তৈরির পরে আমরা দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু করব এবং মহিলারা দেড় হাজারের বদলে তিন হাজার টাকা পাবেন। প্রথম ক্যাবিনেটে এটার মঞ্জুরি দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফায়েড। কিন্তু, আমরা ভূরিভূরি অভিযোগ পেয়েছি যে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা CAA-তে আবেদন করেননি, এমন অন্তত ৩০ লক্ষের কাছাকাছি, তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন।”
