এগরায় প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির মদতে ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের মধ্যে
এগরা, পূর্ব মেদিনীপুর: এগরায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার কয়েক হাজার সরকারি ত্রিপল । স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি এলাকারই তৃণমূল নেতার । অভিযুক্ত শিবশঙ্কর ভারতীর বাড়িতে এত ত্রিপল কেন? এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । পরে সেখানে এগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । স্থানীয়রা আরও অভিযোগ করছেন যে, প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির মদতেই নাকি এই শিবশঙ্কর ভারতী ত্রিপল লুকিয়ে রেখেছিলেন ।
আরও পড়ুন: কর্তব্যে গাফিলতি, কলকাতা মেডিক্যালের সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য ভবনের
জানা গিয়েছে, নির্বাচনের পরে বৃষ্টির সময় ত্রিপলগুলো বিতরণের কথা ছিল । এমনই জানিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি । আর এই ঘটনা আসার পরই পুলিশে অভিযোগ জানিয়েছেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী । এ ছাড়াও তিনি অনুরোধ করেছেন দ্রুত FIR করে তদন্ত শুরু করার জন্য । এ ছাড়াও আরও কোনও জায়গায় ত্রিপল মজুত করা আছে কি না, সেই বিষয়ে জানতে অভিযুক্ত শিবশঙ্কর ভারতীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ঘটল থেকে সাগর, একাধিক জায়গায় সামনে এসেছিল এমন ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সাগরে তৃণমূলে (TMC) -র পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল ত্রাণের ত্রিপল । ত্রিপল ছাড়াও উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী । সরকারি ত্রাণ চুরি করে নেওয়ার অভিযোগ তৃণমূল (Trinamool) নেতা শেখ মান্নানের বিরুদ্ধে । আর এর পরিপ্রেক্ষিতে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ ।
আরও পড়ুন: মানুষের অভাব, অভিযোগ জানতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে ‘আপনার সরকারকে বলুন’
একই ছবি দেখা গিয়েছিল ঘাটালেও । ঘাটলের এক তৃণমূল নেতার দোকানে দেখা গেল রাশি রাশি সরকারি ত্রিপল । তৃণমূল নেতার দোকান খুলতেই হদিস মিলল বন্যার ত্রাণ সামগ্রীর । তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই সরকারি ত্রাণ চুরির অভিযোগ ।
