Kunal Ghosh On Chandrima: “যখন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন?”, চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণাল ঘোষের
কলকাতা: বাজেটে কী থাকত, তা বাজেট পেশ করার কিছুক্ষণ আগেই জানতে পারতেন চন্দ্রিমা ভট্টাচার্য, এমনই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী। আর এবার তাঁর এই বক্তব্যকেই হাতিয়ার করে তাঁকেই কটাক্ষ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, দুঃখ থাকলে আগে কেন প্রশ্ন তোলেননি চন্দ্রিমা।
আরও পড়ুন: বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা, “আইপ্যাক বাজেট লিখে দিত?”, প্রশ্ন তুলছে বিজেপি
কুণাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সবথেকে বেশি দফতর যদি কারও কাছে থেকে থাকে সেটা কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য। এর মধ্যে কিন্তু অর্থ দফতর রয়েছে। তিনি যখন জানতেন না কী বাজেট হবে, বাজেটে কী আছে, তাহলে সেটা তখন বলেননি কেন? মনের দুঃখের কথাটা উনি আজ বলছেন, যেদিন ওঁর কাছে দফতরের সারি ছিল, সেদিন এই দুঃখের কথাটা বলেননি কেন? যখন উনি মন্ত্রী ছিলেন তখন বললেন না কেন যে আমি জানতে পারছি না?”
দুঃখ পাওয়ারও একটা সময় থাকে, বলেন কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়ক বলেন, “দুঃখ পাওয়ারও টাইম থাকে। যতক্ষণ নেত্রীর হাতে প্রশাসনিক বা বিভিন্ন ক্ষমতা রয়েছে, নেত্রী পাওয়ারে রয়েছেন, আমরা সরকারে রয়েছি, আমাদের সমস্ত পাওয়ার বা ক্ষমতা রয়েছে, তখন এই দুঃখ চেপে থাকতে হয়। আর যখন নেত্রীর কিছু দেওয়ার ক্ষমতা নেই, যারা যারা এই সময়টা নখ, দাঁত বার করছে, তাদের দিকে থাকলে এখন দুঃখটা প্রকাশ করা যায়।”
কী বলেছিলেন চন্দ্রিমা?
চন্দ্রিমা বলেন, “আমার সঙ্গে যে খুব আলোচনা করে বাজেট তৈরি হয়েছে, কখনওই এমনটা নয়। সাধারণ মানুষ যখন বাজেট জেনেছেন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আনুগত্যের কারণেই কখনও কিছু বলিনি। আনুগত্য দেখিয়েছি। আর আজ আমার আনুগত্য প্রশ্নের মুখে, সেই কারণেই আমি পদত্যাগ করেছি।”
বাজেট কে তৈরি করেন? তা জানেন না রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কিছু শুনেছেন আধিকারিকদের থেকে। আপনাদের মনে আছে হয় তো, তিনি বলেছেন, যে এটা চন্দ্রিমা বল এরকম বাজেট হবে না। বাজেট কে তৈরি করে আমি তা জানি না। বলতে পারব না। সিক্রেসি বজায় রাখার ওখানে একটা শপথ নিয়েছিলাম। সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে। সেটা আমি করেছি।”
Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
