TMC 21st July: ‘আগে ২১শে জুলাই পালন করতে এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার’, বলছেন ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
কলকাতা : ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবস কে পালন করবে এবং কোথায় করবে – তা নিয়ে ইতিমধ্যেই দড়ি টানাটানি শুরু হয়েছে। এদিকে আজ তপসিয়ার একটি ব্যাঙ্কোয়েটে কলকাতা পুরসভার প্রাক্তন টিএমসি কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের।
সেই বৈঠক সেরে বেরিয়ে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেছেন, ‘২১শে জুলাই আমাদের আবেগ। ২১শে জুলাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যন্ত্রণার, আবেগের। এর আগে যখন কলকাতায় ২১শে জুলাই পালন করতে এসেছেন, তখন নায়ক-নায়িকাদের ভিড়ে, শহিদ পরিবার সম্মান পায়নি। এবার আপনারা দেখবেন, আমরা যে শহিদ সমাবেশ করব ২১শে জুলাই, শহিদ পরিবারদের সম্মান জানিয়ে, সঠিকভাবে শহিদদের শ্রদ্ধা জানাব। ২১শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চিয় করব। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস এবং ২১শে জুলাই আমাদের কাছে একটা আবেগ, কলকাতার বুকে তা পালনের বন্দোবস্ত নিশ্চিতভাবে করব। আমরা সকলের আহ্বান করব। যাঁরা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। কোথায় ২১শে জুলাই শহিদ দিবস পালন হবে, তা নিয়ে আলোচনা চলছে। প্রশাসন যেখানে অনুমতি দেবেন… আমরা তো প্রথমে চাইব ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে বরাবর তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের শহিদ দিবস পালন হয়, সেখানেই করত। প্রশাসন অনুমতি না দিলে যাঁরা নেতৃত্ব আছে সকলে মিলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
আসল তৃণমূল কারা, তা নিয়ে দ্বন্দ্ব কাটার আগেই ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে শুরু হল ২ তৃণমূলের দড়ি টানাটানি। নিজেদের আসল বলে দাবি করে শহিদ দিবস পালনের জন্য পুলিশকে চিঠি দিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ভোটে ভরাডুবির পর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ চলে গেছে। একদিকে ‘ঋতব্রত-তৃণমূল’, তো অন্যদিকে ‘কালীঘাট-তৃণমূল’, কার্যত দুই ভাগ হয়ে গেছে রাজ্যের সদ্যপ্রাক্তন শাসকদল। এই অবস্থায় সামনেই ২১ জুলাই। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতির কর্মসূচি। এবছর সেই কর্মসূচি কে করবে? কোথায় করবে? তা নিয়েই এবার ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’-এর মধ্যে দড়ি টানাটানি শুরু হল। ‘কালীঘাট-তৃণমূল’ সূত্রে খবর, গত কয়েক দশক ধরে যেভাবে পালন করা হচ্ছে, ঠিক সেভাবেই, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, নিজেদের আসল তৃণমূল দাবি করে, ২১ জুলাই শহিদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ‘ঋতব্রত-তৃণমূল’।
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
