Voice of Eastern India

West Bengal News : সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?


উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : সোমবার বিধানসভায় তিনটি বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। এই বিল আইনে পরিণত হলে, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারবে প্রশাসন। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। 

রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি-তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। সোমবার বিধানসভাতেও নতুন বিল আনতে চলেছে তারা। সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল’। পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। 

মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “এই সেশনে বিল আসছে, আমার দফতর স্বরাষ্ট্র দফতর, অনেকেই ভাবছে দু’মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনেই BA কমিটি অনুমোদন দিলে, শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব। সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে, কলকাতার রাস্তায়, রাত্রিবেলা ফ্লাইওভারের নীচে যারা থাকে তাদের রাখাব।”

বৃহস্পতিবার BA কমিটির বিশেষ বৈঠক বসে। সেখানেই ‘পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল’ আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিল আইনে পরিণত হলে, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করলে, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারবে প্রশাসন।

সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলও পেশ করতে চলেছে রাজ্য সরকার। মুসলিম এবং খ্রিস্টান, দুই সম্প্রদায়েরই বর্তমানে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছিলেন, “৬ মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক, সেটা তোষণ ? নাকি কোনও নাগরিক চারটে বিয়ে করতে পারবে আর কোনও নাগরিক একটা বিয়ে করতে পারবে, সেটা তোষণ?” বৃহস্পতিবার BA কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করা হবে। এক ঘণ্টা আলোচনা হবে বিলের উপর। 



Source link

Leave A Reply

Your email address will not be published.