Kalyan on Sudip Banerjee: “নিঃসন্দেহে কোনও প্রলোভন আছে, সুদীপদার তো এমন করার একটা অভ্যাস আছে”, কটাক্ষ কল্যাণের
কলকাতা: জল্পনা বাড়িয়ে সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই শতাব্দীর সঙ্গে দিল্লি পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকেই বিজেপি নেতার ৯ মতিলাল নেহরু মার্গের বাড়িতে যান সুদীপ। লোকসভায় ভেঙে চুরমার তৃণমূল। এবার কি বিদ্রোহীদের দলে মমতা ঘনিষ্ঠ সুদীপও?
আর এরই মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বললেন, “সুদীপদা যদি চলে যায়, সেটা খুবই দুঃখের। সুদীপদার নিঃসন্দেহে কোনও প্রলোভন আছে। গিয়ে যদি সুদীপদার রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গিয়েছে।”
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, বলেন কল্যাণ। তিনি বললেন, “সুদীপদা যখন জেলে ছিল, তখন এখান থেকে আমি কীভাবে বেল পাওয়া যায়, সেই চেষ্টা আমি করেছিলাম। সুদীপদার তো এমন করার একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেল। কংগ্রেস ছেড়ে আবার তৃণমূলে এল। কিন্তু মমতাদি অন্ধের মতো তাঁকে বিশ্বাস করেছেন। সুদীপদা মমতাদির প্রচুর প্রশ্রয় পেয়েছে। সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাপস রায় পর্যন্ত চলে গিয়েছে মনে হয় বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য।”
আরও পড়ুন: এবার ডিউটিতে থাকলেই ইউনিফর্ম মাস্ট, নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশের কমিশনার
এ ছাড়াও এই সম্পূর্ণ বিষয়টাকে বাংলার রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক বলেও অভিহিত করেছেন কল্যাণ। তিনি বলেন, “ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক। কতদিন? এ তো সাময়িক? এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে।” একই সঙ্গে এদিন তৃণমূলের একাধিক সাংবিধানিক পদে রদবদল। পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষকে। সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার সভাপতি করা হল কুণাল ঘোষকে। সায়নী ঘোষের জায়গায় নিয়ে আসা হল অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, মালা রায়কে সরিয়ে মহিলা তৃণমূলের সভানেত্রী করা হল আলিফা আহমেদকে।
সাংবাদিকদের সামনে তৃণমূল নেতা সৌগত রায় ঘোষণা করলেন, তাঁকে ও জ্যোতিপ্রিয় মল্লিককে জাতীয় কর্মসমিতিতে যোগ করা হয়েছে। তিনি বলেন, “আজ জাতীয় কর্মসমিতিতে আমাকে ও জ্যোতিপ্রিয় মল্লিককে যোগ করা হয়েছে। এ ছাড়া আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের সভাপতি করা হয়েছে।”
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
