Kalyan Banerjee: “আমার মতো সৎ রাজনীতিবিদ ক’জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য”, অভিষেককে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মাত্র ৫ সপ্তাহের মধ্যেই টালমাটাল অবস্থা রাজ্যের প্রধান বিরোধী দলের। দলের বিরুদ্ধে কার্যত ‘বিদ্রোহ’ করেছেন একাধিক বিধায়ক, সাংসদ। পদত্যাগ করেছেন কয়েকজন রাজ্যসভার সাংসদও। আর সেই পরিস্থিতিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের পাশে থাকা বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হারের জন্য সব থেকে বেশি দায়ী অভিষেকই, অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ।
নিজেকে সৎ রাজনীতিবিদ দাবি করে অভিষেককে তোপ দাগলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “হারের জন্য ওই তো সব থেকে বেশি দায়ী। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কতজন আছে? ক্লেম করছি আমি। আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে।”
কল্যাণ চাইছেন দলের সমস্ত পদ থেকে বাদ দেওয়া হোক অভিষেককে। তিনি বললেন, “২০২২ সালেই তো আমি বলেছিলাম এর দ্বারা হবে না। দল থাকবে না। আমি একা বলেছিলাম। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দিদি যদি মনে করে, অভিষেককে বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। পদ থেকে বাদ দিতে হবে। সাধারণ একজন সদস্যের মতো থাকবে। লিডার হিসাবে থাকবে না। কিন্তু দিদিকে একটা সিদ্ধান্ত থাকতে হবে।”
আরও পড়ুন: অভিষেক সম্মান দিতে না পারলে, আমরা ওঁর সঙ্গে থাকব না, ওঁর জন্য উকিল হইনি আমি: শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
রক্তের সম্পর্ক নাকি ৪০ বছরের সৈনিক? এবার যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে স্পষ্ট মাল্টিপল চয়েস কোশ্চেন ফেলে দিলেন শ্রীরামপুরের সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির ভাইপো। কিন্তু আমরা ৪০ বছর আমরা দিদির জন্য কাজ করেছি। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নয়। কিন্তু দিদিকে আজ বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেকের মতো রক্তের সম্পর্কের লোককে দরকার? নকি আমার মতো লোকেদের দরকার আছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাও ছেড়ে দিয়েছেন তিনি, জানালেন কল্যাণ। যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ডেকেছে, সেই মামলায় অভিষেকের হয়ে আর সওয়াল করবেন না কল্যাণ, জানালেন নিজেই।
Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
