Voice of Eastern India

কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা ধর্ষণ-সহ একাধিক অভিযোগ


সন্দীপ সরকার, কলকাতা : রবিবার সাতসকালে কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছল পুলিশ। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের কলেজ স্ট্রিটের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ২০২৩ সালে নাবালিকা নির্যাতনের একটি অভিযোগ ওঠে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ঘটনায় যিনি নির্যাতিতা, তিনি গতকাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তাঁকে কটূক্তি করে কাউন্সিলরের সাঙ্গোপাঙ্গরা। এখানেই শেষ নয়, অভিযোগ তরুণীকে মারধরও করা হয়। রাস্তা আটকে ঝামেলা করা হয়। জানা গিয়েছে, বর্তমানে মধ্য় কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ঘটনার পর কাউন্সিলরের সাঙ্গোপাঙ্গরা এলাকায় তাণ্ডব চালায়। এই ঘটনায় থানায় আটজনের নামে অভিযোগ হয়। ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে। আর আজ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছেছে পুলিশ। 

বাড়ির দরজায় তালা, এখনও তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়ির বাইরে দাঁড়িয়ে পুলিশ। এখনও পর্যন্ত তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। প্রায় ৫ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও জসিমউদ্দিনের বাড়িতে ঢুকতে পারেনি পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর কেউই। তৃণমূল কাউন্সিলরের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন জোড়াসাঁকো থানার পুলিশকর্মীরা। রয়েছেন জোড়াসাঁকো থানার অফিসার ইন-চার্জ অর্থাৎ ওদি-ও।

অন্যদিকে হাতে ডিম নিয়ে কাউন্সিলরের বাড়ির বাইরে ‘চোর’ স্লোগান দিচ্ছেন স্থানীয়দের একাংশ। তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের দেখা পেলেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য তৈরি বিক্ষোভকারীরা। এদিকে সাতসকালে এই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে জোড়াসাঁকো থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হলেও, এখনও বাড়ির দরজা খোলা হয়নি। বাইরেই দাঁড়িয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দুটো কোলাপসিবল গেট এবং বাড়ির দরজায় তালা রয়েছে বলে জানা গিয়েছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.