Chingrighata Metro : ‘উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,’ মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?
কলকাতা : সরকার বদলাতেই ভাগ্য খুলে গেল চিংড়িঘাটা মেট্রোর। যে কাজ প্রায় ২ বছর ধরে আটকে ছিল, রাজ্যে বিজেপি সরকার আসার পর, তা মিটেছে মাত্র ১২০ ঘণ্টায়। রবিবার কাজ খতিয়ে দেখতে কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একাধিক উন্নয়নমূলক কাজের কথা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। মেট্রোর পাশাপাশি, রেলের কাজ হবে বলেও জানান তিনি। চিংড়িঘাটায় কাজ পরিদর্শন করার পর রেলমন্ত্রী ভয়ঙ্কর অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, ‘চিংড়িঘাটায় মেট্রোর কাজে বাধা দিয়েছিল আগের সরকার’, ‘হাইকোর্টের নির্দেশের পরেও সহযোগিতা করেনি’, ‘উন্নয়নের বিরোধী ছিল আগের তৃণমূল সরকার।’
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ”কলকাতা মেট্রো কলকাতার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী মোদি অনেক প্রচেষ্টা ও গুরুত্ব দিয়েছেন। ১৯৭২-এ এই প্রকল্প শুরু হয়। ৪২ বছরের মধ্যে মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদির ১২ বছরের মধ্যে ৪৫ কিলোমিটার কাজ হয়েছে। এটাই মোদির উন্নয়ন। এটা এত বড় কাজ কিন্তু তৎকালীন তৃণমূল সরকার এর বিরোধিতা করেছিল। রাজ্যের কাজ হচ্ছে যে কোনও সমস্যার সমাধান করা, কিন্তু তা না করে উন্নয়নের বিপরীতে ছিলেন। এই চিংড়িঘাটার প্রজেক্ট তার জলজেন্ত উদাহরণ। এর পারমিশন চাইতে চাইতে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর আমরা হাইকোর্ট গিয়েছিলাম। হাইকোর্টও বলেছিল এই প্রজেক্ট-এর জন্য পারমিশন দাও, কিন্তু রাজ্য সরকার দিয়েছিলো না। রাজ্য আবার সুপ্রিমকোর্টে যায়, সেখানেও ধাক্কা খায় তৃণমূল সরকার। তারপরও কাজ শুরু করতে দেয়নি। কিন্তু জনতা এর হিসাব পুরো করেছে। বড় ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে সরকারে আনে। আর কিছুদিনের মধ্যেই এতটা কাজ এগিয়ে গেছে।”
আরও পড়ুন – আটকে ছিল প্রায় ১৮ মাস, সরকার বদলের পরই মাত্র ১২০ ঘণ্টায় শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই সবার আগে নিউ গড়িয়া থেকে বিমান বন্দর মেট্রো প্রকল্পের চিংড়িঘাটার উপর ভায়াডাক্টের কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী হন। আর তারই ফলশ্রুতিতে গত ১৮ মাস আটকে থাকা কাজ শেষ হয়ে যায় ১২০ ঘণ্টায়। ফলে, চিংড়িঘাটায় বাইপাসের উপর মাত্র ৩৬৬ মিটার অংশে মেট্রো লাইন তৈরি করা যায়নি। আর এই জটিলতার কারণে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের মধ্যে এখনও চলাচল করে না মেট্রো। তবে, মেট্রোর সিপিআরও আগেই জানিয়েছিলেন, এই ৩৬৬ মিটার অংশ জুড়ে গেলে হয়তো এই বছরের শেষের দিক থেকেই চলাচল করতে পারবে মেট্রো।
