কলকাতা: একটি শহরে যে যে সুবিধা থাকলে সেটিকে একটি বড় শহর হিসেবে বিবেচিত করা যায়, তার মধ্যে অন্যতম হল গণপরিবহন ব্যবস্থা। যে শহরে গণপরিবহন ব্যবস্থা যত উন্নত, সেই শহর ততই প্রাণোজ্জ্বল। আর কলকাতা এর মধ্যে অন্যতম। রবিবার ছুটির দিন। সাধারণত মেট্রো চালু হয় সকাল ৯টা থেকে। কিন্তু গতকাল, একটি বিশেষ কারণের জন্য মেট্রো চলবে সকাল ৭টা থেকে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
এই রবিবার সকাল ৭টা থেকেই চালু হচ্ছে মেট্রো পরিষেবা। তবে, শুধুমাত্র ২ অগাস্ট-এর জন্য এই বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল (Metro Railway) সূত্রে খবর, কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে এই বিশেষ পরিষেবা দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেট্রোর বিশেষ পরিষেবা চালু থাকবে। প্রতি ৩০ মিনিট অন্তর ব্লু লাইন ও গ্রিন লাইনে চলবে মেট্রো। এরপর পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী উভয় লাইনেই চালু হবে পরিষেবা।
উল্লেখ্য, ২৭ জুলাই থেকে ভোর ৬টায় শুরু হয়েছে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে ভোর ৬টা থেকে। এই লাইনে শেষ মেট্রো রাত ১০.৩০ এ। গ্রিন লাইনেও মেট্রো চলছে সকাল ৬ থেকে রাত ১০.৩০ পর্যন্ত। সোম থেকে শনি পর্যন্ত এই পরিষেবা পাবেন যাত্রীরা। অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা পাবেন মেট্রো কর্মীরা।
ব্লু লাইনের নতুন সময় কী?
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, অর্থাৎ ব্লু লাইনে দু’প্রান্ত থেকে সকালের প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫০ মিনিটে। ২৭ জুলাই সোমবার থেকে সময় ৫০ মিনিট এগিয়ে সকাল ৬টা থেকেই মেট্রো পাওয়া যাচ্ছে। আবার এই লাইনে দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হয়েছে রাত ১০টা ৩০ মিনিট।
গ্রিন লাইনে নতুন সময় কী?
গ্রিন লাইনে, অর্থাৎ হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রতি দিন প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৩৯ মিনিটে। ২৭ জুলাই থেকে এই দুই স্টেশনেও প্রথম মেট্রো পাওয়া যাচ্ছে সকাল ৬টায়। আবার রাতে গ্রিন লাইনের দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ে ১০টা ৫ মিনিটে। এবার থেকে এই লাইনেও রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো। কিন্তু মনে রাখবেন, এই নতুন সময় কেবল মাত্র সোমবার থেকে শনিবারন পর্যন্ত নির্ধারিত। রবিবারের ক্ষেত্রে এই সময়সীমা পুরোপুরি প্রযোজ্য নয়। আগের সময় অনুযায়ী, রবিবার দুই লাইনেই প্রথম মেট্রো ছাড়বে ৯টায় এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০-এ।
