২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
সন্দীপ সরকার, কলকাতা : যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২ কোটি টাকার রক্ত বিক্রি ! অভিযোগ, বিহার এবং উত্তরপ্রদেশে এই রক্ত বিক্রি করেছে অশোক ব্লাড ব্যাঙ্ক। বিক্রি হওয়া রক্তের মধ্যে আছে ৩ হাজার ২৬২ ইউনিট লোহিত রক্তকণিকা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা। ৫টি বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে প্রায় ৩ হাজার লিটার প্লাজমা, যার বাজার মূল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা। স্বাস্থ্য ভবনের নির্দেশ, আপাতত কোনও রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না অশোক ব্লাড ব্যাঙ্ক।
ব্লাড ব্যাঙ্কের তরফে রক্তদান শিবিরে ডাক্তার পরিচয়ে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তারা সকলেই MBBS পড়ুয়া বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এমনকী, SSKM-এর দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াকে ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল রক্তদান শিবিরে। স্বাস্থ্য ভবনের নির্দেশ, আপাতত কোনও রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবে না এই ব্লাড ব্যাঙ্কটি।
