Voice of Eastern India

‘সামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙার মতো ঘটনা যেন আর না ঘটে’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর


মালদা : ‘আর যেন সামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙার মতো ঘটনা না ঘটে।’ অশান্তি বন্ধে মালদায় প্রশাসনিক বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিএসএফের আউটপোস্টে তিনি যাবেন। এদিন বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশকিছু সামাজিক প্রকল্পে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। সে ব্যাপারে স্থানীয় বিধায়কদের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া শুভেন্দু অধিকারী বলেছেন, ৫০ লক্ষ অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana Scheme) টাকা ঢুকতে শুরু করেছে। বার্ধক্য এবং বিধবা ভাতাও ঢুকবে। 

এদিন বৈঠক থেকে আর কী কী উঠে এল ?

যাদের স্বাস্থ্যসাথী রয়েছে সেটা আয়ুষ্মান ভারতে ট্রান্সফার হয়ে যাবে বলে ফের একবার জানানো হয়েছে এদিন বৈঠকে। পরিযায়ী শ্রমিকরা তাঁরা যেখানেই থাকুক না কেন, আয়ুষ্মান ভারতে সুবিধা পাবেন। চাঁচল আর গাজোলকে পৌরসভার মধ্যে নিয়ে আসা হবে। নদীভাঙন রুখতে কাজ করা হবে। এ প্রসঙ্গে বলা হচ্ছে, এই বর্ষায় হয়তো করা যাবে না, পরবর্তী বর্ষায় যাতে কাজগুলো করা যায়। বিএসএফ এবং পুলিশের মধ্যে কো-অর্ডিনেশনে জোর দেওয়া হয়েছে। বিএসএফের সেন্টারগুলি ঘুরে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এককথায়, এদিন প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য, সামাজিক প্রকল্প এবং নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বৈঠকে যেসব সাংসদ-বিধায়ক উপস্থিত ছিলেন, তাঁদের কথাও শুনেছেন।

এদিন মালদার এই বৈঠকে দেখা যায় একের পর এক তৃণমূল বিধায়ককে। বিদ্রোহী তৃণমূল সাংসদরাও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন। মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বিগত ১৫ বছরে যা ঘটেনি , সেসবই ঘটছে এখন একের পর এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনও বিধায়ককে ডাকা হত না বলে বারবার অভিযোগ উঠেছে। প্রশাসনিক কর্তারা আসতেন। তৃণমূলের বিধায়করা আসতেন। বিরাট আড়ম্বর ছিল সে-সব অনুষ্ঠান ঘিরে। আর সরকারের পালা বদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ডাক পেতে শুরু করেছেন বিরোধী দলের একের পর এক বিধায়ক থেকে সাংসদ । সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, বৈঠক ঘিরে যাতে কোনও বাড়তি খরচ ও আড়ম্বর নয়। সেই মতোই হচ্ছে ছিমছাম বৈঠক। আর সেখানে আসছেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা। Suvendu Adhikari Meeting



Source link

Leave A Reply

Your email address will not be published.