Voice of Eastern India

‘পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই ৩টে গোল দিতে পারলাম’, সজলের নিশানায় অরূপ


কলকাতা : ‘মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাই অরূপ বিশ্বাসকে।’ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। বৃহস্পতিবারই, মেসিকাণ্ডে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার জার্সিতে অনবদ্য পারফর্ম করেছেন মেসি। হ্যাটট্রিক করেছেন কিংবদন্তি। এই ইস্যু তুলে অরূপকে খোঁচা দিয়ে সজল বলেছেন, “মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাই অরূপ বিশ্বাসকে। যে, তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম। হ্যাটট্রিক করতে পারলাম। যাবে, বেশিদিন বেরোতে পারবে না। ভেতরে ওকে (অরূপ বিশ্বাস) যেতেই হবে।”

প্রেক্ষাপট…

যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য় অরূপ বিশ্বাসকেই দায়ী করে, খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, তার উদ্য়োক্তা ছিলেন শতদ্রু দত্ত। তাঁর দাবি, মেসি-র টিমের তরফে ইমেলে বলা হয়েছে, মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন। কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস।

শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে, প্রোটোকল অনুযায়ী মাঠে কোনও বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। 

মেসিকাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও, আর কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ তখন নেয়নি পুলিশ।

গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, VVIP-দের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনিই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় FIR ।

এহেন অরূপ ৩-৩ বার নোটিস পেয়েও উপস্থিত হননি। আর বৃহস্পতিবার, মেসিকাণ্ডে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিন ৩ ঘণ্টা ১০ মিনিট প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সোমবার ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ।



Source link

Leave A Reply

Your email address will not be published.