Voice of Eastern India

নোটিস দিতে গিয়ে অপেক্ষা CID-র, কী সাফাই অভিষেকের


কলকাতা : “আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই। তাঁরা ফিরে গেছেন।” অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরেই রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর উদ্দেশে নোটিস ধরালেন। তৃণমূল নেতার অফিসের কর্মী হিসাবে পরিচয় দেওয়া একজনকে নোটিস দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ৭টা ১৯ মিনিট নাগাদ কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে চলে আসেন অভিষেক। গাড়ি থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন।

কী বললেন অভিষেক ?

অভিষেক বলেন, “গতকাল আমি ভবানীভবনে সিআইডি অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। আমি তাঁদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি। আমার আইনি অধিকার, আমি আদালতে যাব। আদালত আমাকে ৬টার মধ্যে ভবানীভবনে সিআইডি হেড কোয়ার্টারে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। সেইমতো আমি কাল ৬টার আগেই ভবানীভবনে গেছি। সাড়ে ১১টা নাগাদ প্রশ্নোত্তর-পর্ব শেষ হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা চলে। আমাকে আবার সেখানেই একটা নোটিস দিয়ে আগামী ১৪ তারিখ হাজির হওয়ার জন্য বলা হয়। আমি ১৪ তারিখ কলকাতায় আছি। আমি ১৪ তারিখ আবার যাব। আমি কোনওদিন তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে। আমি গেছি। কলকাতাতেও নিজাম প্যালেস হোক, এদিকে সিজিও হেডকোয়ার্টার হোক, ইডি-র কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সঙ্গে যেটুকু সহযোগিতা করা উচিত, আমি নিশ্চিতভাবে করছি।” 

তাঁর সংযোজন, “আজ আমাদের দলনেত্রীর বাড়িতে বৈঠক ছিল। পূর্ব নির্ধারিত। সেখানে একাধিক বিধায়ক থেকে সাংসদ ছিলেন। আমাদের মিটিংগুলো চলাকালীন আমি খবর পাই, খুব সম্ভবত সাড়ে ৪টে, পৌনে ৫টা নাগাদ যে সিআইডির একটা টিম এসেছে। আবার কোনও একটা আলাদা মামলায় আমাকে নোটিস দিতে। আমি আমার সেক্রেটারির মারফত তাঁদের অনুরোধ করি যে, এই মুহূর্তে আমার বাড়িতে আমি সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে দিয়ে দিন। সে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেবে। আমি অনুরোধ করি, আপনারা যদি আমাকে দিতে চান, তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে। তার কারণ আমি এই মুহূর্তে আসতে পারব না মিটিং থেকে বেরিয়ে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে চলে আসবেন, নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেব না, আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। এখন প্রায় ৭টা ২০ মিনিট বাজে। আমি বাড়িতে ঢুকেছি। আপনাদের সঙ্গে কথা বলছি ৫-১০ মিনিট হয়েছে। সোয়া সাতটায় বাড়িতে ঢুকেছি । আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই। তাঁরা ফিরে গেছেন। তাঁরা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসেন, আমার সঙ্গে যোগাযোগ করে আসেন এবং আমাকে বলেন কোন সময়ে গেলে আমি বাড়িতে থাকব তখন নোটিস দেবে, আমি নিশ্চিতভাবে জানাব।”



Source link

Leave A Reply

Your email address will not be published.