Voice of Eastern India

কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, ‘একটাই তো জীবন…’


কলকাতা : কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) পোস্ট ঘিরে জল্পনা সৃষ্টি হল। ‘মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল।’ শনিবার সন্ধেয় NCPI সাংসদের আচমকা এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে দেখা দেয় তুমুল জল্পনা। কাকে চিনতে ভুল করলেন কাকলি ? জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, ‘চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল।’

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই মুষলপর্ব শুরু তৃণমূলে। কার্যত তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে দল। ২০ জন সাংসদ রাতারাতি যোগ দিয়েছেন NCPI-তে। মুষ্টিমেয় কয়েক জন ছাড়া বাকি বিধায়করা যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেনের মতো অনেকেই এখনও মমতায় আস্থা রেখেছেন। আর NCPI শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার। দীর্ঘদিনের রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবন। সেই অধ্যায় থেকে সরে এসে তাঁর রাজনৈতিক জীবনে এখন নতুন অধ্যায়। NCPI শিবিরে ।

এই পরিস্থিতিতে আগের দিনই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেন NCPI সাংসদরা। বৈঠকে যোগ দিয়ে আপ্লুত হয়ে পড়েন NCPI সাংসদরা, যারা এখন NDA-র শরিক। সেই বৈঠক প্রসঙ্গে NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) কাকলি ঘোষ দস্তিদার বলেন, “উনি (প্রধানমন্ত্রী) আমাদের বৈঠকে ডাকায় আমরা কৃতজ্ঞ।” তাঁর সংযোজন, “আমাদের সঙ্গে ওঁর মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। দেশের উন্নয়ন চাইছেন। উনি আমাদের নিজেই বললেন যে বিগতদিনে পূর্ব ভারত থেকে শ্রমিক, জিনিসপত্র যেত, কিন্তু উন্নয়ন হত না। তবে এবার সময় বদলেছে। এবার উন্নয়ন পূর্ব ভারতেও হবে। কলকাতা যখন রাজধানী ছিল তখন ভারত অনেক এগিয়েছিল। প্রধানমন্ত্রী চাইছেন যে ফের একবার কলকাতাকে সেই জায়গায় নিয়ে যেতে। যাতে কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটির উন্নয়ন সারা ভারতে ছড়িয়ে যায়।”

বৈঠক। কথা। আলোচনা। সাক্ষাৎ। খাওয়া-দাওয়া থেকে গল্প। কলকাতা থেকে দিল্লি। শুক্রবার দেখা গেল এই ছবি। এ প্রসঙ্গে NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) শতাব্দী রায় বলেছেন, “উনি (প্রধানমন্ত্রী) চা নিয়ে বসেছিলেন। আমরা ওই পায়েস-টায়েস খেয়েছি।” এক টেবিলে গল্প, হাসাহাসি, অল্পস্বল্প খাওয়া-দাওয়া। কথা শোনা, পরামর্শ নেওয়া। হাতে হাত। কাঁধে হাত। বৈঠক প্রসঙ্গে NCPI (বিদ্রোহী তৃণমূল সাংসদ)-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এখানে শুধু NDA-র অংশীদারদেরই ডাকা হয়েছে। এই প্রথম আমরা NDA শিবিরে।”



Source link

Leave A Reply

Your email address will not be published.