সৌভিক মজুমদার, কলকাতা: কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ‘১৫ জুলাই দুপুর ১২ টায় বিচারকের সামনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে‘, এবার আদালতের চাপে, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করলেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ সব কিছুর একটা সীমা আছে..কবে গলার স্বর দেবেন? বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে। সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, কী ধরনের আচরণ? গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশেই আপনি গলার স্বর দিতে বাধ্য ‘,জানিয়েছেন বিচারপতি।অপরদিকে, তাঁর মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। এরপরেই হাইকোর্টের নির্দেশ,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ।
বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ‘ডিজে’ বাজানোর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। FIR খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনের ভিত্তিতে ২১ মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে চিন্তা করে দেখুন, ভোটের ফল অন্যরকম হলে কী হত? তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। ৩০ জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষাকবচ।এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরের নমুনা দিতে নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় বিধাননগর আদালত। হাজিরা না দিয়ে, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ।সেখানেও জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন তিনি।
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
