Voice of Eastern India

Cyclone Alert: ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্ক করে দিল আবহাওয়া দফতর


কলকাতা: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’।

ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মঙ্গলবারের মধ্যে এটি পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এর জেরে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ১৯ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ।

আবহাওয়া দফতর রবিবার ভোর সাড়ে পাঁচটার বুলেটিনে জানিয়েছে, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে । শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে । এবং সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার ভোর সাড়ে পাঁচটায় বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে সেটি। আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে পশ্চিম – দক্ষিণ পশ্চিম দিকে ৭০০ কিলোমিটার এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে উত্তর ও দক্ষিণ উত্তর দিকে ৮৬০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে । অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ১০৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ। ওড়িশার গোপালপুর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ১১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি ।

আবহবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপটির শক্তিবৃদ্ধির জন্য কয়েকটি অনুকূল পরিস্থিতি রয়েছে । প্রথমত, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণ সমুদ্রের জল থেকে প্রচুর জলীয় বাষ্প ও শক্তি পেতে পারে নিম্নচাপটি । দ্বিতীয়ত, উল্লম্ব ও অনুভূমিক বায়ুপ্রবাহের বাধা বা উইন্ড শিয়ার তুলনামূলকভাবে কম থেকে মাঝারি পর্যায়ে রয়েছে। ফলে মেঘের সংগঠন ও ঘূর্ণাবর্তের বিকাশে সুবিধা হতে পারে। এছাড়া সিস্টেমের দক্ষিণ-পশ্চিম অংশে শক্তিশালী মেঘপুঞ্জ বা কনভেকশন তৈরি হতে দেখা যাচ্ছে । IOD এবং MJO-র অনুকূল অবস্থানও এই আবহাওয়া ব্যবস্থার শক্তিবৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে পর্যবেক্ষণে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের

 



Source link

Leave A Reply

Your email address will not be published.