Voice of Eastern India

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন ‘স্যাফরন মেডিকোস’


কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল হওয়ায় বিক্ষোভ দেখাল চিকিৎসকদের সংগঠন ‘স্যাফরন মেডিকোস’। বিক্ষোভকারীদের বক্তব্য, নিজের বিশেষ ক্ষমতাবলে বৈঠক বাতিল করেছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি। সুদীপ্ত রায়ের পদত্যাগ দাবি করেছেন সংগঠনের সদস্যরা।

কখনও অভয়াকাণ্ডে একাধিক অভিযুক্তকে আড়াল, কখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুতে দুর্নীতি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে উঠেছে এমনই সব অভিযোগ। এইসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চাইছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের একাংশ। তদন্তের প্রস্তাব নিয়েই বৃহস্পতিবারই কাউন্সিলে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা বাতিল হয়ে গেল সেই বৈঠক।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচিত সদস্য ও রাজ্য সরকার মনোনীত সদস্যরা বৈঠকের জন্য এসে উপস্থিত হলেও, শেষে বৈঠকই হল না। এরপরই মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখাল জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন ‘স্যাফরন মেডিকোস’। তাঁদের বক্তব্য, নিজের বিশেষ ক্ষমতাবলে বৈঠক বাতিল করে দিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, প্রাক্তন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।

৩ তলায় উঠে সুদীপ্ত রায়ের চেম্বারের সামনে NO ENTRY পোস্টার সাঁটিয়ে দেয় বিক্ষোভকারীরা। সোলোটেপ দিয়ে সিল করে দেওয়া দরজার লক। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকার মনোনীত সদস্য মৃণ্ময় অধিকারী বলেন, ‘সভাপতি নিজের বিশেষ ক্ষমতা বলে এই পদক্ষেপ করেছেন দুর্নীতিকে চাপা দেবার জন্য তবে এই বিক্ষোভের ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই।’

সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, এই বৈঠক বাতিল করেছেন কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

উল্লেখ্য়, ‘ভুয়ো’ চিকিৎসক-বিতর্কের আবহে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছিল একগুচ্ছ নির্দেশিকা। কার্যনির্বাহী রেজিস্ট্রারের উদ্দেশে দেওয়া সভাপতির এই নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত ‘ভুয়ো’ চিকিৎসকদের নাম বাতিল করা হয়েছে, তাদের নাম ডেটাবেস, ওয়েবসাইট থেকে ডিলিট করতে হবে। এই নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি এই ৩টি ভাষায় পাবলিক নোটিফিকেশন জারি করতে হবে। সংবাদপত্রেও দিতে হবে বিজ্ঞাপন। এই নিয়ে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও জানানোর কথা বলেছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি।কার্যনির্বাহী রেজিস্ট্রারের উদ্দেশে দেওয়া ওই নির্দেশিকায় লেখা ছিল, ২০১১ সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, ভিনরাজ্য থেকে এসে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নিজেদের কোয়ালিফিকেশন নথিভুক্ত করিয়েছেন যাঁরা, তাদের সমস্ত নথি ফের যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনও গরমিল দেখলেই কড়া পদক্ষেপ করতে হবে।



Source link

Leave A Reply

Your email address will not be published.