Voice of Eastern India

Humayun Kabir : ‘নবান্নে ডেকে বলেছিলেন …’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের


উজ্জ্বল মুখোপাধ্যায়, রেজিনগর :  রেজিনগরে উপনির্বাচনের দিনই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে আটক করেছিল রেজিনগর থানা। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই নওদার বিধায়ক হুমায়ুন কবীরের চোখে জল। সংবাদমাধ্যমের সামনেই কার্যত কাঁদলেন হাউ হাউ করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শানিত আক্রমণ করে, বুধবার সরাসরি রাজনীতি থেকে অবসরের ইচ্ছেপ্রকাশ করলেন হুমায়ুন।                       

উপনির্বাচনের পরের দিনই মুখ্যমন্ত্রীকে নিশানা করে হুমায়ুন কবীর বললেন, ‘ কথা রাখলেন না শুভেন্দু অধিকারী’। AJUP  প্রধানের দাবি, “নবান্নে ডেকে আমাকে বলেছিলেন ৩০ হাজার ভোটে আমার ছেলে জিতবে । সেই মুখ্যমন্ত্রীই গতকাল পুলিশ দিয়ে ভোট লুঠ করালেন । এরপর বিধায়ক পদে থাকব কিনা ভেবে দেখছি । বিধানসভায় যাব, কিন্তু কোনও কমিটির মিটিংয়ে থাকব না ” । হুমায়ুন বললেন, ” বিধানসভায় মুখ্যমন্ত্রী থাকলে আমি যাব না। মন থেকে চাইছি না আর রাজনীতিতে থাকি। বিধায়ক পদ রাখব কিনা নওদার মানুষের সঙ্গে কথা বলব। ” উপনির্বাচনের পরের দিন সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন হুমায়ুন। তিনি আরও বলেন, ‘ এত মিথ্যচার যে মুখ্যমন্ত্রী করেন, তাঁর মুখোমুখি আমি হব না। বিধানসভায় যাব, অধিবেশনে যাব। কিন্তু যে অধিবেশনে মুখ্যমন্ত্রী থাকবেন, সেদিন যাব না। ‘

হুমায়ুনের বক্তব্য শুনে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ‘ এটা হুমায়ুন কবীরের মিথ্যাচার। বাংলার মানুষের কাছে আমি আবেদন করতে চাই, এই কুমীরের কান্নায় একটুও ভুল বুঝবেন না … কথায় কথায় এই লোকটা রাজনীতির তাস খেলে। এই লোকটি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করবে বলেছিল পশ্চিমবঙ্গে।’ 

ভোটের দিন সকালে বাড়ি থেকে বেরনোর আগেই পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন হুমায়ুন কবীর।  সকাল থেকে দুপুর, সময় যত এগিয়েছে ততই বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবীর।  বাবার ছেড়ে দেওয়া রেজিনগর আসনে প্রার্থী হয়েছেন ছেলে গোলাম নবি আজাদ। তাকে জেতাতে মঙ্গলবার সকালেই বাড়ি থেকে বেরোন নওদার AJUP বিধায়ক। শক্তিপুরে ভোট দিতে গিয়ে ফের পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হুমায়ুন কবীর। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির অফিসে নওদার বিধায়ক পৌঁছতেই ফের একদফা অশান্তি শুরু হয়। তারপর হুমায়ুন কবীরকে আটক করে পুলিশ!           

 



Source link

Leave A Reply

Your email address will not be published.