RG Kar Case: RG কর কাণ্ডে CBI তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ অভয়ার বাবা-মায়ের, এই ব্যক্তিকে তদন্তের আওতায় আনার দাবি, কে তিনি ?
কলকাতা: ‘CBI-এর তরফ থেকে তো আগাগোড়াই ঢিলেমি। আগাগোড়া, প্রথম থেকেই।’ তদন্ত নিয়ে এভাবেই ফের ক্ষোভ উগরে দিলেন অভয়ার মা। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার। এই পরিস্থিতিতেও কেন্দ্রীয় এজেন্সি CBI-এর তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন ‘অভয়া’র বাবা-মা। একইভাবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বাস্থ্যসচিব।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের মামলার তদন্ত করে আসছে CBI। অন্য দিকে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। বিজেপির হয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছেন ‘অভয়া’র মা। সামগ্রিক পরিস্থিতি বদলেছে। কিন্তু, আজও CBI তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না মেয়ে হারা মা-বাবা। এরই মধ্যে নিহত চিকিৎসকের দ্রুত সৎকার করা নিয়ে পুলিশকে তদন্তভার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ আধিকারিকদের জানিয়েছিলেন, তাঁরা যেন নতুন মামলা রুজু করে এর যথাযথ পদক্ষেপ নেন। তারপর সেই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায় ও পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে গ্রেফতার করে পুলিশ। এরমধ্য়ে এই মামলায় নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্য়ায় জামিন পেয়েছেন।
কিন্তু রাজ্য প্রশাসনের এই ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুলিশ নয়, তড়িঘড়ি শেষকৃত্য় নিয়ে মামলারও তদন্ত করবে CBI. কলকাতা হাইকোর্টের নির্দেশ, ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, একই ঘটনার প্রেক্ষিতে কেন FIR করল পুলিশ ? বিচারপতিরা বলেন, আপনারা কি জানেন না যে CBI তদন্ত করছে। তাহলে নতুন FIR এর কী প্রয়োজন?
শুধু CBI-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ নয়, আজও স্বাস্থ্য সচিবের পদে নারায়ণস্বরূপ নিগম বহাল থাকায় তা নিয়েও বারবার অসন্তোষ প্রকাশ করে আসছে অভয়ার পরিবার। এই পুরো ঘটনা নিয়ে অভয়ার মা জানান, ‘কেন স্বাস্থ্যমন্ত্রী এতদিন জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? গ্রেফতারি তো চাই।’ ‘স্বাস্থ্যসচিবকেও CBI-এর জেরা করা উচিত। CBI কীভাবে কাজ করবে, সেটা কি আমরা বলে দেব? CBI সবথেকে ভাল গোয়েন্দা সংস্থা। সবকিছুই জানে, সবকিছুই বোঝে। জানি না কী করছে।’ অন্যদিকে, অভয়ার বাবা দাবি করেন যে, ‘CBI-এর উপরে আদালতও এখন ভরসা রাখতে পারছে না। সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে।’
যদিও স্বাস্থ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, ইতিমধ্যেই পৃথক তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। তিনি বলেন, ”তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। প্রথম বয়ান নেওয়া হয়েছে রত্না দেবনাথের। দেখতে থাকুন। OTT সিরিজের প্রথম ফেজ চলছে।”
Bayron Biswas News: নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস | ABP Ananda
