ABP Ananda LIVE : দুই নির্বাচন কমিশনারকে ‘অন্ধকারে রেখে’ যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে নির্বাচন কমিশনের অন্দরের এই কলহ প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মাসে ১৪ বার কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক যোশী। কমিশনের একটি সিদ্ধান্ত এবং নির্দেশিকা নিয়ে একদিনেই চার বার আপত্তি জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনওবারই সেই আপত্তিকে গুরুত্ব দেননি মুখ্য নির্বাচন কমিশনার। দুই কমিশনারের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় তাঁদের অন্ধকারে রেখে ভোটার তালিকায় নতুন নাম সংযোজন এবং বাদ দেওয়ার কাজ হয়েছে। নতুন ভোটারদের নাম যুক্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তকে অবৈধ এবং অনুমোদিত বলে দাবি করেছেন দুই কমিশনার। এছাড়াও ফর্ম ৬-এ আনা পরিবর্তনের বিপক্ষেও ছিলেন ২ নির্বাচন কমিশনার। যদিও প্রতিবেদনে তুলে ধরা সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, “আইন মেনেই সমস্ত পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। গণতন্ত্রে মতের অমিল যে কোনও প্রতিষ্ঠানের অঙ্গ। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে এমন হতেই পারে। শুধু ৩ কমিশনার নয়, আধিকারিকরাও মতামত দিতে পারেন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে যে কেউ তাঁর পরামর্শ দিতে পারেন। মতভেদ থাকতেই পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতিক্রমে। গত এক বছরে কমিশন যা যা সিদ্ধান্ত নিয়েছে, তা সবার সম্মতিতেই হয়েছে।”
