Mamata Banerjee: ‘এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে’, মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
কলকাতা: মুখ্যমন্ত্রী ও বিজেপির সন্ত্রাস চলছে। রবিবার তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ ও হামলার ঘটনায় এভাবেই তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জনরোষের কথা শোনা গেল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর গলায়। নিজেদের ব্যর্থতা ঢাকতে পুলিশ লুম্পেনদের জোগাড় করেছে বলে এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ পুলিশের কাজ করেছে। এত চুরি করলে তো চোর শুনতে হবেই, পাল্টা কটাক্ষ করে বললেন শুভেন্দু অধিকারী। তুমুল বিক্ষোভ, হামলা, রাস্তা আটকানোর চেষ্টা, স্লোগান! মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে রবিবার এভাবেই বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমুল বিক্ষোভ ও হামলার মধ্যে দিয়েই কোনওরকমে এদিন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যায় পুলিশ। মোতায়েন করা হয় RAF।
এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে।”নিরাপত্তা ভুলে যান। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসেছে। সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ। কাস্টোডিয়াল ডেথ করছে। বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘উনি জেড প্লাস ক্যাটিগরি পান। আমরা উইথড্র করিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৫ বছর ছিলেন। বয়সও হয়েছে। ওনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত। সেকাজ পুলিশ করেছে। পুলিশ খারাপ কিছু করেনি। আর এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না। বিজেপির কর্মীরাও ছিল না।’
এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান , ‘দূর দূর পর্যন্ত বিজেপির কোনও কর্মী এর সঙ্গে যুক্ত নন। শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের ওপর করেনি। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া এ তো তৃণমূলের শেখানো সংস্কৃতি’।
