Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টে খেয়েছেন ধাক্কা। এবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে মেলেনি বিদেশযাত্রার অনুমতি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে হাইকোর্টে একই আবেদন জানানো হলে, বিচারপতি সৌগত ভট্টাচার্য পরামর্শ দেন, SSKM হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করার পরামর্শও দেন তিনি। এছাড়া বিচারপতি বলেন, দেশের অন্য কোনও হাসপাতালেও চোখের চিকিৎসা করাতে পারেন তিনি। কিন্তু কোনও পরামর্শতেই রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন,আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না তাঁর মক্কেল। তখন বিচারপতি বলেন, SSKM হাসপাতালের বদলে দেশের অন্য কোনও হাসপাতালেও যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নতমানের, তাই সেখানেই চিকিৎসা করার। ‘
ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় । এই আবহেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই চিকিৎসার জন্য় বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা আছে। তাতে যদি কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কী করবেন?
বিচারপতি সৌগত ভট্টাচার্যকে মন্তব্য করতে শোনা যায়, তাঁর প্রয়োজন চিকিৎসা। কোথায় করানো হবে বড় কথা নয়। রাজ্য সরকারের তরফেও সওয়াল করা হয়, এখনই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। এরপর ওই মামলা খারিজ করে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে কড়া নাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিকে অভিষেকের চোখের চিকিৎসা নিয়ে বিদেশে যাওয়ার আবেদন নিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে মরিয়া, ক’দিন ধরেই বিভিন্ন মহলে এই জল্পনাটা চলছিল। তাতেই কার্যত সিলমোহর দিয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র। তিনি স্পষ্ট করে বলেন , তৃণমূলের ভাঙনের আবহে কুণাল ঘোষের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন। মদন মিত্রর দাবি, বিদেশ যেতে কার্যত মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত…..কী জানালেন দিলীপ ঘোষ?
