Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
সন্দীপ সরকার, কলকাতা : সরকারকে অন্ধকারে রেখে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগে লাইসেন্স বাতিল করা হল ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের। SBTC-র সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অন্যদিকে, সাড়ে ৩ কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগে হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আগামীকাল তলব করা হয়েছে স্বাস্থ্যভবনে।
ভিনরাজ্যে বিক্রি করা হয়েছে ১ কোটি ৬৯ লক্ষ টাকার PRBC বা Packed Red Blood Cells. বিক্রি করা হয়েছে ৪ কোটি ১৫ লক্ষ টাকার FFP বা Fresh Frozen Plasma. চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। সরকারকে না জানিয়ে, বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। সেই ঘটনায় এবার তালা পড়ল ওই ব্লাড ব্যাঙ্কে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা SBTC-র সুপারিশে ব্লাড ব্যাঙ্কের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল।
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
অন্যদিকে, ৬ মাসে সাড়ে ৩ কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগ উঠেছে হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। মঙ্গলবার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে স্বাস্থ্যভবনে। সোমবার ওই ব্লাড ব্যাঙ্কে অভিযান চালান স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা। দেখা যায়, একটি ছোট ফ্রিজারে ঠেসে রাখা রয়েছে শয়ে শয়ে ইউনিট রক্ত, প্লাজমা। শুধু তাই নয়, ব্লাড ব্যাঙ্কের ভেতরে পড়ে থাকতে দেখা যায়, তৃণমূল নেতাদের নামে ফ্রি লেখা রবার স্ট্যাম্প। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জানুয়ারি থেকে জুন মাসে ৫৭০টি ক্যাম্প থেকে ৪২ হাজার ৮৪২ প্যাকেট রক্ত সংগ্রহ করেছে এই ব্লাড ব্যাঙ্ক, যা চাহিদার তুলনায় ১০ গুন বেশি। ৩৫০ ml মাপের প্যাকেটে নেওয়া হয়েছে ৫০০ ml রক্ত। স্বাস্থ্যভবন সূত্রে খবর, বাড়তি প্লাজমার লোভে উপহারের টোপ দিয়ে রক্তদাতাদের থেকে বাড়তি রক্ত নেওয়া হয়েছে।
এর আগে কলকাতার নামী কর্পোরেট হাসপাতাল সহ রাজ্যের ১১ টি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালায় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে এই ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে। ক্যাম্প থেকে রক্ত সংগ্রহের উপর অনির্দিষ্টকাল নিষেধাজ্ঞা জারি হয় ওই ১১ টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। ঘটনায় মোট দায়ের হয়েছে ৫টি FIR. হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ২টি।
