Voice of Eastern India

‘সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন…’, বড় দাবি কাকলির


কলকাতা : NCPI থেকে ‘কালীঘাট তৃণমূল’-এ ফিরছেন মুর্শিদাবাদের তিন সাংসদ ? মঙ্গলবার NDA বৈঠকে ৩ NCPI সাংসদের গরহাজিরায় জল্পনা সৃষ্টি হয়েছে। আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানের গরহাজিরায় এই জল্পনা। এ প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

তিনি বললেন, “এই কথাটা ভিত্তিহীন। আমি উল্টো বলতে চাই যে আমি, দিল্লিতে ছিলাম। দিল্লি থেকে আসছি। সেখানে ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে, অত্যন্ত বর্ষীয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন…শত্রুঘ্ন সিনহা। তাঁরা বসে কেন্দ্রীয়মন্ত্রী এবং  প্রাক্তন সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বসে নৈশভোজ খাচ্ছেন এবং যতদূর আমরা খবর পেলাম যে সেখানে তাঁরা আবার ওঁর সঙ্গে আলোচনা করছেন কী করে ওঁরা বিজেপিতে যেতে পারেন। সুতরাং, এই ধরনের খবর চালাচালির মধ্যে না যাওয়াই ভাল। পাল্টা তো আমি এটা শুনেছি যে, সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা…এদের সঙ্গে আরও একজন আছেন যিনি জয়েন করতে চাইছেন।”

গত মঙ্গলবার বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে ফার্স্ট বেঞ্চে জায়গা পান তৃণমূলের বিদ্রোহী, NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছবিতে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে ও অনুপ্রিয়া পটেল। আর তাঁদের পাশেই বসে রয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে NCPI-এ মিশে যাওয়া  সাংসদদের অন্য়তম কাকলি ঘোষ দস্তিদার। উপরের সারিতে নরেন্দ্র মোদির প্রায় পিছনেই বসে ছিলেন আরেক NCPI সাংসদ শতাব্দী রায়, সেই সারিতেই একটু দূরে বসে ছিলেন অসিত মাল।

সংসদীয় রাজনীতিতে তৃণমূল যখন ভেঙেচুরে একাকার, তখন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন NDA ক্রমশ হচ্ছে ‘বাহুবলী’। মঙ্গলবার নয়াদিল্লিতে NDA-র ‘মঙ্গল মিলন’ বৈঠক হয়। সেই বৈঠকেই অংশগ্রহণ করেন NCPI-এর, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্য়োপাধ্য়ায়, জুন মালিয়া, শর্মিলা সরকার-সহ আরও অনেকে। কিন্তু, NDA বৈঠকে দেখা যায়নি- আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানকে।

এ প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, “আসলে যদি পার্লামেন্টে দেখা হয়ে গেল এতদিনের পুরনো সঙ্গী, তাঁদের সঙ্গে যদি কথা বলা হয়, সেটা যদি আবিষ্কার করা হয় যে চলে আসার কথা, তাহলে আমার মনে হয় না সেটা খুব একটা যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কথা হবে। আর কালীঘাটের তৃণমূল যখন বারবার বলছিল, এদের নেওয়া হবে না, ক্ষমা চাইতে হবে, কত কিছু বলছে, তারপরে আর ওরা চাইছে কেন ফেরত আসার। ফেরত গেলেও এত সুন্দর করে ওয়েলকাম করবে কেন ?”



Source link

Leave A Reply

Your email address will not be published.