অভিজিৎ চৌধুরী, মালদা: কর্মসংস্থানের খোঁজে রাজস্থানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পুরনো মালদা ব্লকের তিন যুবকের। জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে মহিষবাথানি অঞ্চলের মুরসালিম হক (২৪), পাঁচু শেখ (২৮) ও সাহাপুরের রায়পুর গ্রামের রুহুল শেখ (২০) রাজস্থানের শিরহী জেলায় টাওয়ারের কাজে গিয়েছিলেন। গত বুধবার কাজ করার সময় টাওয়ারের একটি অংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এদিন উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হলেন অন্তত ৬ জন যাত্রী। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি প্রাইভেট গাড়ি, একটি লরি এবং একটি ওড়িশাগামী যাত্রীবাহী বাস। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর এলাকার কাছে কোলাঘাটমুখী লেনে একটি প্রাইভেট গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে তার পিছনে থাকা আরও একটি প্রাইভেট গাড়িও থেমে যায়।
ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর কিছুক্ষণের মধ্যেই পিছনে থাকা ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাসও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়। এই ধারাবাহিক সংঘর্ষে প্রাইভেট গাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কী কারণে প্রথম প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, হাওড়াতেই ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড়ের কাছে উল্টে যায় পণ্যবাহী লরি! তার জেরে রাত থেকেই মারাত্মক যানজট সৃষ্টি হয়। শুক্রবার গভীর রাতের ঘটনা। কলকাতামুখী লেন দিয়ে আসছিল এই লরিটি। হাওড়া দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। পাঁচলা মোড়ের কাছে জাতীয় সড়কে গর্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কলকাতা মুখী লেন উল্টে যায়। ঘটনার জেরে ব্যাপক যানজট কলকাতামুখী লেনে। ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়ার রাজাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
