Voice of Eastern India

‘৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব’, যা বলল ককরোচ জনতা পার্টি…


নয়াদিল্লি : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তাঁদের দাবি-দাওয়া মেনে নিয়েছে কেন্দ্র। তাই যন্তর মন্তরে কর্মসূচি প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। এদিন কেন্দ্রের প্রতিনিধিদের সামনে যেসব দাবি দাওয়া তাদের তরফে তুলে ধরা হয়েছে তা নিয়ে আবারও আলোচনার জন্য চার সপ্তাহ পর ফের বৈঠকে বসার কথা জানিয়েছেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন,  “আমরা নিট- ভুক্তভোগী পরিবারগুলির জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলাম। সরকার এতে সম্মত হয়েছে এবং জানিয়েছে যে, নিয়মকানুন অনুযায়ী ওই পরিবারগুলিকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, আমরা সরকারের কাছে পাঁচ দফা দাবিনামা পেশ করেছি, যাতে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ওই দাবিনামা নিয়ে আমরা চার সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব, যাতে বৃহত্তর সংস্কারের লক্ষ্যে যৌথভাবে কাজ করা যায়। সরকার যদি এইসব দাবিতে সম্মত হয়, তবে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিতে চাই।”

 

সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই আমরা আন্দোলনকারীদের অবিলম্বে সরে গিয়ে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা বা অন্য কোনও বিষয় সম্পর্কে আমরা আপনাদের অবহিত করব। তবে আমরা আন্দোলনকারীদের অবিলম্বে সরে যাওয়ার অনুরোধ করছি।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং কেন্দ্রের তরফে আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে রুজু হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেওয়ার পর ৪৯ দিনের অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে CJP। ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল এবং সরকারের তরফে কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের তিন দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত। আলোচনা শেষে সিদ্ধান্তের কথা জানিয়ে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সদিচ্ছার নিদর্শন হিসেবেই এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সংগঠন আশা করছে যে, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই সম্মত শর্ত বাস্তবায়ন করবে। 





Source link

Leave A Reply

Your email address will not be published.