Voice of Eastern India

WBSEDCL Vidyut Prahari App: আপনার এলাকায় বিদ্যুৎ সমস্যা? কীভাবে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপে অভিযোগ জানাবেন? জানুন পর পর সেই ধাপ


কলকাতা: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার WBSEDCL-এর নতুন মোবাইল অ্যাপ ‘বিদ্যুৎ প্রহরী’-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের দাবি, এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই বিদ্যুৎ সংক্রান্ত একাধিক পরিষেবা পাবেন এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তিও সম্ভব হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে WBSEDCL দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ বিতরণ সংস্থা। রাজ্যের প্রায় ২.৪৬ কোটিরও বেশি গ্রাহক এবং ৯৬ শতাংশ ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। সেই পরিষেবাকে আরও আধুনিক করতে চালু করা হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী’।

কীভাবে কাজ করবে ‘বিদ্যুৎ প্রহরী’?

নতুন অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা একাধিক পরিষেবা এক জায়গা থেকেই ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে—

বিদ্যুৎ বিভ্রাট বা লাইনের সমস্যার অভিযোগ জানানো।
অভিযোগের বর্তমান অবস্থান (Complaint Tracking) রিয়েল-টাইমে দেখা।
বিদ্যুতের বিল দেখা ও অনলাইনে বিল পরিশোধ।
স্মার্ট মিটারের ব্যবহার ও বিদ্যুৎ খরচের তথ্য পর্যবেক্ষণ।
নির্ধারিত বা জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নকরণের (Power Outage) নোটিফিকেশন পাওয়া।
গ্রাহক পরিষেবার সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধা।

জানা যাচ্ছে, এই অ্যাপের ফলে মাঠপর্যায়ের কর্মী এবং কন্ট্রোল রুমের মধ্যে সমন্বয় আরও বাড়বে। ফলে কোনও এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে দ্রুত সমস্যা শনাক্ত করে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে।

কীভাবে করবেন কাজটি? 

প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। 
সেখানে একাধিক অপশন আসবে। কোন বিষয়ে অভিযোগ জানাবেন সেটা বেছে নিন। এবার অভিযোগ সাবমিট করুন। 

ডিজিটাল পরিষেবায় জোর

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে WBSEDCL-এর প্রায় ৭০ শতাংশ গ্রাহক ডিজিটাল মাধ্যমে বিদ্যুতের বিল পরিশোধ করেন। রাজ্যের সব ফিডারেই ১০০ শতাংশ স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু হয়েছে। আগামী দিনে এই ডিজিটাল পরিষেবাকে আরও সম্প্রসারণ করতেই ‘বিদ্যুৎ প্রহরী’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছে সরকার।

পরিকাঠামোয় বড় বিনিয়োগ

বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, বর্তমানে রাজ্যে ৭৯৭টি 33/11 kV সাবস্টেশন চালু রয়েছে এবং আরও ৫৩টি সাবস্টেশন তৈরি হচ্ছে। ইতিমধ্যেই ১৪টি শহরে ভূগর্ভস্থ কেবলিংয়ের কাজ শেষ হয়েছে, আরও ১২টি শহরে এই কাজ শুরু হবে। পাশাপাশি শালবনিতে দুটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র, পুরুলিয়ায় ২,০০০ মেগাওয়াটের Pumped Storage Project এবং ৪৫০ মেগাওয়াটের Battery Energy Storage System-সহ একাধিক প্রকল্পের কাজ চলছে।

বিদ্যুৎ দপ্তরের দাবি, নতুন ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের মাধ্যমে গ্রাহক পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর হবে। এর ফলে অভিযোগ নিষ্পত্তির সময় কমবে এবং বিদ্যুৎ পরিষেবার মান আরও উন্নত হবে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.