Annapurna Yojona : অন্নপূর্ণার টাকা এখনও পাননি? কবে মিলবে, কারা পাবেন? স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাব? এ প্রশ্ন অনেকের। অনেকেই হায়-হায় করছেন। তাঁদের উদ্দেশেই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যোগ্য কোনও মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কিছু কারণে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা না পৌঁছলেও, ধাপে ধাপে সব যোগ্য প্রাপকের কাছেই অর্থ পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার মাত্র দু’মাস আগে ক্ষমতায় এসেছে। এই অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত একাধিক সরকারি পরিষেবা চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন বলে জানান তিনি।

তাঁর কথায়, এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক কিছু সমস্যা হওয়াটা স্বাভাবিক। তাই বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর প্রয়োজন নেই। সরকার নিয়ম মেনেই সমস্ত যোগ্য আবেদনকারীর হাতে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেবে। প্রশাসনকে সেই কাজ সম্পূর্ণ করার জন্য আরও কিছুটা সময় দেওয়ার আবেদন জানান তিনি।

যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড়মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য, তাঁরা পাবেন।অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন।

শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, সরকারের লক্ষ্য একটাই—যাতে প্রকৃত এবং যোগ্য প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পান।

সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও ধরনের রাজনৈতিক বা অন্য কোনও ভিত্তিতে বৈষম্য করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রকল্পে সকল যোগ্য নাগরিকের সমান অধিকার রয়েছে এবং সরকার সেই নীতিতেই কাজ করছে।

মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা পৌঁছে দিতে প্রায় ৯ মাস সময় লেগেছিল। সেখানে তাঁদের সরকার দেড় মাসের মধ্যেই প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার কাছে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দিয়েছে বলে দাবি করেন তিনি। বাকি যোগ্য আবেদনকারীরাও পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও জানান, ৩০ অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যাচাই-বাছাইয়ের পর যদি আরও ২ হাজার, ৫ হাজার বা ৭ হাজার প্রকৃত যোগ্য উপভোক্তা চিহ্নিত হন, তাঁদেরও অন্নপূর্ণা যোজনার আওতায় এনে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
Published at : 13 Jul 2026 01:23 PM (IST)
