ABP Ananda LIVE : কে আসল তৃণমূল? কোন শিবিরের কাছে থাকবে জোড়া ফুল প্রতীক? দলের তহবিল ব্যবহারের অধিকারী বা থাকবে কার হাতে? এই নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের বিবাদ গড়িয়েছে নির্বাচন কমিশন অবধি। আর এই আবহ এ বছর ২১ জুলাই এ শহীদ দিবস পালন নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলের তরফে দাবি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে তাদের ২১ জুলাই পালনের অনুমতি দেওয়া হয়েছে। গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে প্রশাসন।ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল ‘কালীঘাট তৃণমূল’ ও ‘ঋতব্রত তৃণমূল’। কিন্তু কালীঘাট তৃণমূল এখনো পর্যন্ত সেই অনুমতি পায়নি বলেই খবর সূত্রের।
২১ জুলাই এর অনুষ্ঠানের জন্য কয়েকদিন আগে ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে দিয়ে মাপজোক করেছে কালীঘাট তৃণমূল। অভিযোগ এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। সেই কারণে হেয়ার স্ট্রিট থানায় কুণাল ঘোষ দোলা সেন সহ কালীঘাট পন্থী তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
