Voice of Eastern India

Basirhat Trinamool: বিক্ষোভ এড়াতে নিজের কাছে থাকা সরকারি ত্রাণ ফেরালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক


সমীরণ পাল, বসিরহাট, উত্তর ২৪ পরগনা: রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক হোক বা ব্লক সভাপতি অথবা পঞ্চায়েত প্রধান, সকলের বাড়ি ও পার্টি অফিসে আছড়ে পড়ছিল স্থানীয় মানুষের ক্ষোভ বিক্ষোভ। আর এর পিছনে অবশ্যই ত্রাণ দুর্নীতির প্রকাশ্যে এসে যাওয়া। আর এবার দেখা গেল এক উলট পুরাণ। বিক্ষোভ এড়াতে নিজের কাছে থাকা ত্রাণ সামগ্রী সরকারের কাছে ফেরত দিতে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, অভিযোগ এমনই।

আরও পড়ুন: দল ও সাংসদ পদ দুই ছাড়লেন সুখেন্দুশেখর রায়, সাংসদ পদে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিকও!

জানা গিয়েছে, যেদিন তাঁর বিধায়ক পদের মেয়াদ শেষ হয়েছে, তার পরের দিনই বসিরহাটের মহাকুমা শাসককে গিয়ে তাঁর কাছে থাকা ত্রাণ সামগ্রী ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। নিজের বিধায়ক এলাকার জন্য আসা ত্রাণ, যা তখনও বিলি হয়নি, তা আর নিজের কাছে রাখতে চাননি তিনি, খবর এমনই। যদিও এই আবেদনের পর বেশ কয়েক দিন কেটে গেলেও কোনও সদুত্তর পাননি তিনি।

অবশেষে বসিরহাটের মহাকুমা শাসক ও বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে লিখিত আকারে সবটা জানান বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি আবেদন করেন, যেন তাঁর কাছে থাকা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে। নতুন সরকার গঠনের প্রায় ১ মাস পর অবশেষে তাঁর আবেদনে সাড়া দেয় পুলিশ। গতকাল ৮ জুন প্রাক্তন তৃণমূল বিধায়কের এই আবেদনে সাড়া দিয়ে তাঁর বাড়ির গোডাউনে থেকে অজস্র শাড়ি, কাপড়, ত্রিপল ও সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই লোকসভা ও রাজ্যসভায় ভাঙল তৃণমূল, কী কী লাভ হতে পারে বিজেপির?

এই বিষয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগে কোন বিধায়ক নিজের কাছে গচ্ছিত থাকা ত্রাণ সামগ্রী ও সরকারের দেওয়া অনুদান ফেরত দিয়েছে কি না, আমার জানা ছিল না। এটা কীভাবে ফেরত নিতে হয় তা নিয়েও প্রশাসনের কাছেও নির্দিষ্ট কোন নির্দেশিকা ছিল না। এই প্রথম কোনও বিধায়ক হিসেবে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের জিনিস সরকারকে ফেরত দেব। নিজের দায় ঝেড়ে ফেলার জন্য নয়। এই জিনিষগুলোর এখন আমার আর কোনও প্রয়োজন নেই। সেই কারণেই তা আমি প্রশাসনকে ফিরিয়ে দিয়েছি।”

বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সভাপতি রাজেন্দ্র সাহা। তিনি স্পষ্ট জানিয়েছেন, “তৃণমূলের সমস্ত বিধায়করা যদি সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের মতো চিন্তাধারার হতেন তাহলে এত চোরের উৎপাত ও রাজ্যজুড়ে লুটপাট চলতো না। তার এই পদক্ষেপকে সাধুবাদ জানাই।”



Source link

Leave A Reply

Your email address will not be published.