পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গ্রেফতার জাহাঙ্গির খান। ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই জাহাঙ্গির খানের আর কোনও খোঁজ মিলছিল না। তাঁর খোঁজে STF এবং বেঙ্গল পুলিশের একটা টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। অবশেষে রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার জাহাঙ্গির।
STF সূত্রে খবর, ভারত-নেপাল সীমান্তে বাড়িভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল জাহাঙ্গির। সংশ্লিষ্ট সূত্রের খবর, ‘পরিবার নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকতে শুরু করেছিলেন জাহাঙ্গির খান। নেপালে পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করছিলেন। আগেভাগে নেপালের স্কুলে ভর্তি করেছিলেন সন্তানদের। মিলেছে জাহাঙ্গিরের সন্তানদের স্কুলে ভর্তির তথ্যও। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই তাঁর খোঁজ শুরু হয়েছিল।
কয়েকদিন আগেই ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’র। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে তাঁর রক্ষাকবচও তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনও খোঁজ মিলছিল না, দক্ষিণ ২৪ পরগনার ফলতার একসময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা, জাহাঙ্গির খানের। পুলিশ সূত্রের খবর, জাহাঙ্গির খানের বিরুদ্ধে ফলতা থানায় খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুঠ-সহ একাধিক অভিযোগে মোট ৭টি FIR দায়ের হয়েছে।
